র্যাঙ্কিংয়েও চোখ বাংলাদেশের

ক্রিকেট ভদ্রলোকের খেলা হলেও এতটাই ভদ্র হয়ে যায়নি যে আপনি ইচ্ছে করে হেরে গিয়ে প্রতিপক্ষকে সান্ত্বনার জয় উপহার দেবেন। ম্যাচ পাতানোর ব্যাপারস্যাপার বাদ দিলে সব দলই চায় প্রতিটি ম্যাচে জিততে। সেটি বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়াই হোক বা হংকংয়ের সঙ্গে বাংলাদেশ।
শুরুতে সব দলেরই লক্ষ্য থাকে সিরিজ জয়। তা পূরণ হয়ে যাওয়ার পর নতুন লক্ষ্য অবধারিতভাবে বাকি ম্যাচগুলোও জেতা। জয়ের ভান্ডারে জায়গার অভাব নেই। তাই কখনো অপ্রয়োজনীয় হয়ে ওঠে না জয়, কখনো মনে হয় না, অনেক তো হলো। জেতার আর দরকার কী! সিরিজ জয় আনন্দের, তবে সব ম্যাচ জিতে সিরিজ জয়ের গরিমাই আলাদা। দ্বিতীয় ওয়ানডেতেই সিরিজ জিতে যাওয়ার পর আজ বাংলাদেশ দলের লক্ষ্য ৩-০, যেটিকে বলা যেতে পারে ‘বাংলাওয়াশ’।
কাল অনুশীলনের ফাঁকে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা খোলামেলাভাবেই বললেন, ‘এমন নয় যে আমরা ৩-০ লক্ষ্য নিয়ে সিরিজ শুরু করেছিলাম। আমরা প্রথমে চেয়েছি সিরিজটা জিততে। দুই ওয়ানডে জিতেই তা হয়ে যাওয়ায় এখন অবশ্যই শেষ ম্যাচেও জিততে চাইব। কেউ তো আর হারতে খেলে না।’
ম্যাচের আগের দিন বাংলাদেশ দলের কঠোর অনুশীলনও সেটিই বলছে। শেষ ম্যাচটা আনুষ্ঠানিকতার বলে আয়েশে গা ভাসাননি কেউ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গা গরম থেকে নেট প্র্যাকটিস-অনুশীলন, সব পর্বই হলো নিয়মমতো। আজ একাদশেও কোনো পরিবর্তন আসছে না বলে জানা গেল।
আনুষ্ঠানিকতার ম্যাচে অনেক সময় বসে থাকা খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়। কিন্তু বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের তেমন কোনো চিন্তাভাবনা নেই। আজও খেলানোর সম্ভাবনা আগের ম্যাচের একাদশই। মাশরাফির কথায় সেই আভাস, ‘ম্যাচ জেতার জন্য যা যা করা দরকার, সবই করা হবে। সম্ভাব্য সেরা দলই নামানো হবে মাঠে।’
দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা সহকারী কোচ রুয়ান কালপাগে তো সরাসরিই বলে দিয়েছেন, ‘ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতি আনা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কাজেই এটা পরীক্ষা-নিরীক্ষার সময় নয়। আমরা সব সময়ই র্যাঙ্কিংয়ের দিকে তাকিয়ে আছি। বাংলাদেশ দলের জন্য কালকের (আজ) ম্যাচটা তাই খুবই গুরুত্বপূর্ণ। একইভাবে গুরুত্বপূর্ণ প্রতিটি ম্যাচই জয়ের চেষ্টা করা।’
সহকারী কোচ বারবারই র্যাঙ্কিংয়ের কথা বললেন কারণ, আগামী বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলা অনেকাংশেই নির্ভর করছে এর ওপর। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর আইসিসির র্যাঙ্কিংয়ে যে আটটি দল শীর্ষে থাকবে, তারা সরাসরি খেলবে দশ দলকে নিয়ে অনুষ্ঠেয় ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপ। কাজেই র্যাঙ্কিংয়ে ওপরের দিকে যাওয়ার চেষ্টা এখন থেকেই করতে হচ্ছে। অবশ্য পাকিস্তানের বিপক্ষে ৩-০ তে সিরিজ জিতলেও এ যাত্রা র্যাঙ্কিংয়ের ওপরের ধাপে যাবে না বাংলাদেশ। তবে বাড়বে রেটিং পয়েন্ট।
প্রথম দুই ম্যাচের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে আজ তুলির শেষ আঁচড়টাও বাংলাদেশ দল দেবে সাফল্যের রঙে, এমনই আশা কালপাগের। দলের মধ্যে যে আত্মবিশ্বাস দেখছেন সেটিই তাঁকে আশাবাদী করছে, ‘বিশ্বকাপ থেকেই ছেলেরা অসাধারণ খেলছে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে তারা খুবই খুশি। এখন সব চিন্তা তৃতীয় ওয়ানডে নিয়ে।’
বাংলাদেশের ক্রিকেটে স্বপ্নপূরণের মৌসুম চলছে গত নভেম্বর-ডিসেম্বরের জিম্বাবুয়ে সিরিজ থেকেই। বিশ্বকাপ শেষ করে বৈশাখের এই পাকিস্তান সিরিজেও বইছে ‘বসন্ত বাতাস’। মিরপুরে আজ প্রতিপক্ষকে দশম হোয়াইটওয়াশের স্বাদ নেওয়ার স্বপ্ন তো দেখাই যায়!