র্যাঙ্কিং-ভাবনা নেই টেলরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রেন্ডন টেলর
ব্রেন্ডন টেলর

হিসাবটা এখন পরিষ্কার এবং সোজা। জিতলেই এগিয়ে যাওয়া। হারলেই পিছিয়ে পড়া। অনেকটা টুর্নামেন্টের মাঝপথেই যেন ফাইনাল!
এমনিতে এই দুদলের ম্যাচ বা সিরিজ সব সময়ই মর্যাদার লড়াই। এবার আগ্রহ-উত্তেজনার পারদ আরও উঁচুতে তুলে দিয়েছে র্যা ঙ্কিংয়ের হিসাব-নিকাশ। জিম্বাবুয়ের চ্যালেঞ্জ নয় নম্বর জায়গা ধরে রাখার। বাংলাদেশের সামনে হাতছানি তলানি থেকে এক ধাপ ওপরে ওঠার। প্রথম টেস্ট জিতে সেটার পথে এক কদম এগিয়ে গেছে বাংলাদেশ। খুলনা টেস্ট জিতলেই নিশ্চিত হবে জিম্বাবুয়েকে দশে ঠেলে নয়ে ওঠা। চট্টগ্রাম টেস্ট তখন বাংলাদেশের জন্য হবে অবস্থান আরও শক্ত করার ম্যাচ। খুলনা টেস্ট তাই জিম্বাবুয়ের জন্য শুধু মর্যাদার লড়াই নয়, বাস্তবতারও।
ব্রেন্ডন টেলর অবশ্য র্যা ঙ্কিংটাকে মাথায় ঢুকতে দিতে চান না, ‘র্যা ঙ্কিং নিয়ে ভাবছি না। আমরা স্রেফ জিততে চাই। অবশ্যই র্যা ঙ্কিংয়ে জায়গা নিয়ে এই দুদলের বেশ প্রতিদ্বন্দ্বিতা চলে আসছে। তবে আমি নিশ্চিত, দুই দলই চায় জিততে। র্যা ঙ্কিং নিয়ে কোনো দলই খুব একটা ভাবিত নয়। একটা একটা ম্যাচ নিয়েই সবাই ভাবে। খুব বেশি সামনে তাকানোর সুযোগ নেই।’
টেলরের অবশ্য এমনটাই বলার কথা। হারলেই যেখানে নেমে যেতে হবে, সিরিজ হারের শঙ্কার পাশাপাশি র্যা ঙ্কিং নিয়ে ভেবে বাড়তি চাপ কেন নিতে চাইবেন! তবে বাস্তবতা হলো, ভাবনাটাকে সযত্নে দূরে রাখারও জো নেই। জয়-হার আর র্যা ঙ্কিংয়ে ওঠা-নামা তো হাত ধরাধরি করেই চলে। টেলরের ভাবনাটাও তাই সরল। আগে তো জিতে নিই!
ঢাকা থেকে খুলনা এসে পারফরম্যান্সটাকেও পেছনে ফেলে আসতে চান জিম্বাবুয়ে অধিনায়ক, ‘আমাদের জন্য এই ম্যাচ জয়ের বিকল্প নেই। চাপ থাকবেই, এটা নিয়েই মাঠে পারফর্ম করতে হবে। নতুন মাঠ, নতুন ভেন্যু। নতুনভাবে মাঠে নামার জন্য উন্মুখ আমরা।’
তবে নতুন ভেন্যু তো আর টেলরদের সাদরে বরণ করার প্রস্তুতি নিয়ে বসে নেই। বরং কাঁটার আঘাতে আরও বেশি ক্ষতবিক্ষত করার আয়োজন সাজিয়ে রেখেছে। মন্থর, নিচু বাউন্সের উইকেটে আরও ভোগার কথা জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের। অন্যদিকে এই বাংলাদেশের ব্যাটসম্যানদের ভোগানোর মতো স্পিনার চোখে পড়ছে না জিম্বাবুয়ে দলে। গত টেস্টের দুই স্পিনার জন নিয়ুম্বু ও তাফাদজাওয়া কামুনগোজি কার্যকর হতে পারেননি একদমই। স্পিনে তাই পরিবর্তন আসছে নিশ্চিতভাবেই। বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা ও লেগ স্পিনার নাতসাই মুশাঙ্গুয়ের একজন, কিংবা দুজনকেই দেখা যেতে পারে একাদশে।
তবে চেহারা বদলালেই যে স্পিনে নাটকীয় বদল আসছে না, সেটা জানেন টেলর নিজেও। এই উইকেটেও তাই জিম্বাবুয়ে অধিনায়ক তাকিয়ে পেসারদের দিকে, ‘বাংলাদেশের মতো দারুণ সব স্পিনার পাওয়ার ভাগ্য আমাদের হয়নি। আমাদের শক্তির জায়গাটাতেই জোর দেওয়া উচিত কি না, এটা নিয়ে তাই জোর আলোচনা চলছে কদিন ধরে। আমরা জানি উইকেট এখানে পেসারদের খুব একটা সহায়তা করবে না। কিন্তু আমাদের শক্তির জায়গা তো এটাই। আর এই উইকেটেও ব্যাটসম্যানদের উইকেটে বেঁধে উইকেট নেওয়ার মতো স্কিল আমাদের পেসারদের আছে। উইকেট রুক্ষ হয়ে উঠলে রিভার্স সুইং করানোর সামর্থ্যও আছে ওদের।’
তবে এই পেস-স্পিন ভাবনার প্রভাব ম্যাচে পড়ার কথা সামান্যই। জিম্বাবুয়ের ব্যাটিং আর বাংলাদেশের স্পিন লড়াইটাই গড়ে দেবে ম্যাচের ভাগ্য।