র্যাঙ্কিংও একটা বিষয়
২০১৯ বিশ্বকাপ আসতে এখনো অনেক বাকি, কিন্তু বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজেও অনিবার্যভাবে থাকবে র্যাঙ্কিংয়ের হিসাব-নিকাশ। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি খেলবে ক্রিকেটের সবচেয়ে বড় বৈশ্বিক প্রতিযোগিতায়। শীর্ষ আটে জায়গা নিশ্চিত করতে প্রতিটি সিরিজ তাই সব দলের কাছেই গুরুত্বপূর্ণ। আগামীকাল থেকে নিউজিল্যান্ডে শুরু ওয়ানডে সিরিজে খেলতে নামার আগে র্যাঙ্কিংটাও নিশ্চয়ই মাথায় থাকবে মাশরাফির দলের।
আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিং অনুযায়ী ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড আছে চারে আর ৯৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ সাতে। এই সিরিজে জয়-পরাজয়ে কতটা প্রভাব ফেলবে র্যাঙ্কিংয়ে, সেটি দেখে নিন—
* নিউজিল্যান্ড যদি ৩-০ ব্যবধানে জিতে যায়, তাদের হবে ১১১ পয়েন্ট। বাংলাদেশের চার পয়েন্ট কমে হবে ৯১। অবশ্য তাতে র্যাঙ্কিংয়ে অবনমন হবে না মাশরাফিদের। আটে থাকা পাকিস্তানের পয়েন্ট যে ৮৯!
* নিউজিল্যান্ড যদি ২-১ ব্যবধানে জয়ী হয়, তাদের পয়েন্ট ১০৯-ই থাকবে। বাংলাদেশের পয়েন্টও অপরিবর্তিত থাকবে—৯৫।
* বাংলাদেশ গোটা ক্রিকেট-বিশ্বকে চমকে দিয়ে কিউইদের ধবলধোলাই করতে পারলে নিউজিল্যান্ডের ৪ পয়েন্ট কমে হবে ১০৫ (চার থেকে পাঁচে নেমে যাবে তারা)। আর নিজেদের ওয়ানডে ইতিহাসে বাংলাদেশ প্রথমবারের মতো রেটিং পয়েন্টে ‘সেঞ্চুরি’ করবে! তাতে অবশ্য র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান বদলাবে না।
* বাংলাদেশ যদি ২-১ ব্যবধানে সিরিজ জেতে, নিউজিল্যান্ডের ২ পয়েন্ট কমে হবে ১০৭ আর বাংলাদেশের ২ পয়েন্ট বাড়বে—৯৭।
* একটি ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায় ও নিউজিল্যান্ড ২-০ ব্যবধানে সিরিজ জেতে, তাদের রেটিং পয়েন্ট হবে ১১০ আর বাংলাদেশের ৯২। যদি উল্টোটা হয় নিউজিল্যান্ডের হবে ১০৬ পয়েন্ট (র্যাঙ্কিংয়ে পাঁচে নেমে যাবে) ও বাংলাদেশের ৯৯।
* যদি দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায় ও নিউজিল্যান্ড ১-০ ব্যবধানে সিরিজ জেতে তাদের রেটিং পয়েন্ট হবে ১১০ আর বাংলাদেশের ৯৪। যদি উল্টোটা হয় নিউজিল্যান্ডের পয়েন্ট হবে ১০৮ ও বাংলাদেশের ৯৭।
অবশ্য রেটিং পয়েন্ট অপরিবর্তিত রাখতে শুধু ধবলধোলাই এড়াতে হবে মাশরাফিদের।
ওয়ানডে র্যাঙ্কিং শীর্ষ ১০
রেটিং
১ অস্ট্রেলিয়া ১২০
২ দক্ষিণ আফ্রিকা ১১৬
৩ ভারত ১১১
৪ নিউজিল্যান্ড ১০৯
৫ ইংল্যান্ড ১০৭
৬ শ্রীলঙ্কা ১০১
৭ বাংলাদেশ ৯৫
৮ পাকিস্তান ৮৯
৯ ওয়েস্ট ইন্ডিজ ৮৬
১০ আফগানিস্তান ৫২