র্যাঙ্কিংয়ে ভারতের এ কী দুর্দশা!

বিশ্বকাপে ভারতের যাত্রার ব্যাপ্তি ছিল সেমিফাইনাল পর্যন্ত। ওয়ানডে র্যাঙ্কিংয়েও তারা আছে দ্বিতীয় অবস্থানে। কিন্তু এই নিয়ে যতটা না স্বস্তি হচ্ছে, ভারতকে তার চেয়েও বেশি অস্বস্তি দিচ্ছে টেস্ট র্যাঙ্কিং। সেখানে যে তাদের অবস্থান সাতে। বাংলাদেশের সমর্থকেরা বলতেই পারেন, টেস্টে ভারত আর আমাদের মাঝখানে তো স্রেফ একটা দলেরই ব্যবধান!
টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া আছে দুইয়ে। ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান দখল করে রেখেছেন তালিকার চতুর্থ স্থানটি। তালিকায় বাংলাদেশ আছে ৯ নম্বরে। ভারত-বাংলাদেশের মাঝখানে ওয়েস্ট ইন্ডিজ।
২০১৪ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ টেস্ট খেলেছে ৭টি। একই সময়ে ভারত টেস্ট খেলার সুযোগ পেয়েছে ১১টি। র্যাঙ্কিংয়ে অবশ্য বিবেচনায় আনা হয়েছে ভারতের সর্বশেষ ৩৪টি ম্যাচ। আর বাংলাদেশকে নম্বর দেওয়া হয়েছে শেষ ২১টি টেস্টের ওপর ভিত্তি করে। টেস্টে বেশ কিছুদিন ধরেই খানিকটা ধুঁকছে মহেন্দ্র সিং ধোনির দল। সর্বশেষ ১২টি টেস্টের মধ্যে তারা জয় পেয়েছে মাত্র একটিতে। ড্র করেছে ৪টি এবং পরাজয়ের তিতকুটে স্বাদ পেয়েছে ৭ ম্যাচে।
অথচ এই ভারত টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছিল ২০০৯ সালে। ২০১১ সালে ইংল্যান্ডের কাছে ৪-০তে ধবলধোলাই হয়ে শীর্ষস্থানটিও ইংলিশদের কাছে সমর্পণ করতে হয় ভারতকে।
ভারতের জন্য দুঃসংবাদ আছে আরও। টেস্টের সেরা ১০ ব্যাটসম্যান কিংবা বোলারদের তালিকাতেও নেই কোনো ভারতীয় খেলোয়াড়ের নাম। অবশ্য টেস্ট অলরাউন্ডারের তালিকায় তৃতীয় অবস্থানে থেকে ভারতীয়দের সম্মান কিছুটা বাঁচিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। অলরাউন্ড তালিকাটির শীর্ষস্থানটি এখনো রয়েছে সাকিব আল হাসানের। ৩৯৮ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বেশ ওপরেই তিনি।
শুধু তা-ই নয়, টি-টোয়েন্টির অলরাউন্ডার তালিকাতেও সবার প্রথমেই আছে সাকিবের নাম। ওয়ানডের সেরা ১০ বোলিং ও অলরাউন্ডারদের তালিকা দুটোতেও আছেন তিনি। ৩৮৮ পয়েন্ট নিতে ওয়ানডেতে অলরাউন্ডার হিসেবে তাঁর অবস্থান দ্বিতীয়। ওয়ানডে বোলারদের তালিকায় আছেন ১০ নম্বরে। সূত্র: ক্রিকইনফো
আইসিসি টেস্ট র্যাঙ্কিং
| দল | রেটিং |
| দক্ষিণ আফ্রিকা | ১২৪ |
| অস্ট্রেলিয়া | ১১৮ |
| ইংল্যান্ড | ১০৪ |
| পাকিস্তান | ১০৩ |
| নিউজিল্যান্ড | ৯৯ |
| শ্রীলঙ্কা | ৯৬ |
| ভারত | ৯৫ |
| ওয়েস্ট ইন্ডিজ | ৭৬ |
| বাংলাদেশ | ৩২ |
| জিম্বাবুয়ে | ১৮ |