র‍্যাঙ্কিংয়ে কোহলি ভারতের সর্বকালের সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্টে র‍্যাঙ্কিং সেরা হলেন কোহলি। ছবি: এএফপি
ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্টে র‍্যাঙ্কিং সেরা হলেন কোহলি। ছবি: এএফপি
>বিরাট কোহলি টেস্ট ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এলেন। এজবাস্টন টেস্টে ২০০ রান করে এক লাফে রেটিং পয়েন্ট ৯১২ থেকে ৯৩৪-এ তুলে এনেছেন। গড়েছেন ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ইতিহাস

টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে সবার শীর্ষে চলে এসেছেন বিরাট কোহলি। এজবাস্টন টেস্টে অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ভারত অধিনায়ক। ৩১ রানের হার দিয়ে ভারতের টেস্ট সিরিজ শুরু হয়েছে কিন্তু কোহলির পারফরম্যান্স অনেক দিন মনে রাখবেন সমর্থকেরা। প্রথম ইনিংসে ১৪৯ রানের পর দ্বিতীয় ইনিংসে ৫১ রান—ইংলিশ কন্ডিশনে পরীক্ষার প্রথম পার্ট ভালোই হয়েছে তাঁর।

এর সঙ্গে বাড়তি প্রাপ্তি, সপ্তম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে র‍্যাঙ্কিং সেরা হয়েছেন কোহলি। এ অর্জন যে মৌলিক কিছু নয়, সেটা তো ‘সপ্তম’ শব্দটাই বুঝিয়ে দিচ্ছে। তবে একটি দিক থেকে কোহলি অনেক এগিয়ে সুনীল গাভাস্কার, দিলীপ ভেংসরকার, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, বীরেন্দর শেবাগ কিংবা গৌতম গম্ভীরের চেয়ে। কারণ, এজবাস্টন টেস্টে ইংলিশ বোলারদের বিপক্ষে করা ২০০ রানে এক লাফে রেটিং পয়েন্ট ৯১২ থেকে ৯৩৪-এ উঠে এসেছে। এতেই ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ইতিহাসের সেরা রেটিং পয়েন্ট হয়ে গেছে কোহলির।

১৯৭৯ সালে ওভাল টেস্টে ২২১ রানের ইনিংস দিয়ে দারুণ এক সিরিজের সমাপ্তি টেনেছিলেন গাভাস্কার। দারুণ ফর্মে থাকার পুরস্কার পেয়েছিলেন রেটিং পয়েন্ট ৯১৬-তে তুলে। কোহলির আগে ৯০০ রেটিং তোলার প্রথম ও শেষ ভারতীয় ব্যাটসম্যান গাভাস্কার।

র‍্যাঙ্কিং শীর্ষস্থান পাওয়ার পথে নিষেধাজ্ঞায় থাকা স্টিভ স্মিথকে টপকে গেছেন কোহলি। মার্চে কেপটাউন টেস্টের পর থেকে বল বিকৃতির দায়ে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা স্মিথ ৯২৯ পয়েন্ট নিয়ে আছেন দুইয়ে। যে ফর্মে আছেন কোহলি, তাতে এ দুজনের মধ্যে ব্যবধান আরও বাড়তেই পারে। স্মিথও যে শিগগিরই রেটিং বাড়ানোর বা কমানার সুযোগ পাচ্ছেন না।

সেরা পাঁচ ব্যাটসম্যান

রেটিং

ব্যাটসম্যান

দেশ

৯৩৪

বিরাট কোহলি

ভারত

৯২৯

স্টিভ স্মিথ

অস্ট্রেলিয়া

৮৬৫

জো রুট

ইংল্যান্ড

৮৪৭

কেন উইলিয়ামসন

নিউজিল্যান্ড

৮২০

ডেভিড ওয়ার্নার

অস্ট্রেলিয়া

বাংলাদেশের সেরা পাঁচ ব্যাটসম্যান

রেটিং

ব্যাটসম্যান

র‍্যাঙ্কিং

৬৩২

সাকিব আল হাসান

২১

৫৯০

তামিম ইকবাল

৩০

৫৮৯

মুশফিকুর রহিম

৩১

৫৪৯

মুমিনুল হক

৪০

৪৫২

মাহমুদউল্লাহ

৬২