র্যাঙ্কিংয়ে সাকিব-তামিমদের 'লাফঝাঁপ'

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের রেশটা এখনো কাটেনি। এবার আরেকটি সুখবর পেলেন সাকিব আল হাসান-তামিম ইকবাল।
আইসিসির তিন সংস্করণেই অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে সাকিব। ঢাকা টেস্টে জাদুকরি পারফরম্যান্সের পর টেস্ট অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে তাঁর রেটিং পয়েন্ট বাড়ার কথা। সেটা এমনই বেড়েছে যে সাকিব অর্জন করেছেন ক্যারিয়ারের সর্বোচ্চ পয়েন্ট।
ঢাকা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ইনিংসেই ৫টি করে উইকেট নিয়েছেন সাকিব। ব্যাট হাতে বাংলাদেশের প্রথম ইনিংসে করেছিলেন ৮৪ রান। এ ম্যাচ শুরুর আগে সাকিবের রেটিং পয়েন্ট ছিল ৪৩১। ব্যাটে-বলে দুর্দান্ত খেলার পর এক লাফে ৫৮ রেটিং পয়েন্ট অর্জন করেছেন এ অলরাউন্ডার। টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় সাকিবের রেটিং পয়েন্ট এখন ৪৮৯। এটা তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট। ৪২৯ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের রবীন্দ্র জাদেজা। গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্ট শেষে ৪৪৩ পয়েন্ট পেয়েছিলেন সাকিব, যা ছিল তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ। ঢাকা টেস্টের পর সেটাই আবার নতুন করে লেখালেন সাকিব।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে সাকিবের। ক্যারিয়ার সেরা ১৪তম স্থানে উঠে এসেছেন এ বাঁহাতি স্পিনার। বোলারদের র্যাঙ্কিংয়ে তাঁর রেটিং পয়েন্ট ৭০৫। এই র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা রবীন্দ্র জাদেজার রেটিং পয়েন্ট ৮৮৪। বোলারদের র্যাঙ্কিংয়ে সাকিবের মতোই তিন ধাপ উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। ৩০-এ উঠে এসেছেন অফ স্পিনার। চার ধাপ এগিয়ে ৩২তম স্থানে বাংলাদেশের আরেক স্পিনার তাইজুল।
ধারাবাহিক ব্যাটিংয়ে প্রতিনিয়ত মুগ্ধ করে চলেছেন তামিম ইকবাল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টেও আলো ছড়িয়েছেন বাঁহাতি ওপেনার। কঠিন উইকেটে বাংলাদেশের দুই ইনিংসেই পেয়েছেন ফিফটি। ৭১ ও ৭৮ রানের ইনিংস দুটি দিয়ে টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠে এসেছেন তামিম। তাঁর রেটিং পয়েন্ট ৭০৯। টেস্ট ক্যারিয়ারে এটাই তাঁর সেরা র্যাঙ্কিং। ৯৩৮ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।