র্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন মিরাজ
মিরপুর টেস্টটা অনেক কিছুই দিয়ে গেল বাংলাদেশকে। ইংল্যান্ডের মতো কোনো পূর্ণশক্তির দলের বিপক্ষে পাওয়া এই জয়ের সাফল্য র্যা ঙ্কিংয়েও পেয়েছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে এখনো নয়ে থাকলেও ঢাকা টেস্টের জয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে ৮।
সিরিজ শুরুর আগের বাংলাদেশের আগের রেটিং পয়েন্ট ছিল ৫৭, সেটা এখন বেড়ে হয়েছে ৬৫। এ মুহূর্তে ৬৭ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক ওপরেই ৮-এ অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। শারজায় চলমান তৃতীয় টেস্টটি হারলে ক্যারিবীয়দের রেটিং পয়েন্ট কমে দাঁড়াবে ৬৬।
দলীয় এই সাফল্যে বাড়তি অলংকার হয়ে এসেছে মেহেদী হাসান মিরাজের অর্জন। চট্টগ্রামে টেস্ট অভিষেকেই ৭ উইকেট নিয়ে র্যাঙ্কিং তালিকায় নাম লেখান, ছিলেন ৬১ নম্বরে। মিরপুর টেস্টে গুনে গুনে নিলেন ১২ উইকেট। আর তাতেই র্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগিয়ে চলে এসেছেন ৩৩-এ। মিরাজ লাফ দিলেও কোনো নড়চড় হয়নি বোলার সাকিব আল হাসানের। ৫ উইকেট পেয়ে ২১ রেটিং পয়েন্ট পেলেও র্যাঙ্কিংয়ে আগের মতোই আছেন ১৫ নম্বরে। আর প্রথম ইনিংসে ৩ উইকেট পেয়েও এক ধাপ পিছিয়ে তাইজুল ইসলাম চলে গেছেন ৩৭-এ।
সিরিজে একটি সেঞ্চুরি ও এক ফিফটির সুবাদে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষ ২০-এ ঢুকে গেছেন তামিম ইকবাল (২০)। এর আগেও ক্যারিয়ারে একবার ২০ নম্বরে ছিলেন তামিম। সিরিজে বোলিংয়ে ৫৮ রেটিং পেলেও ব্যাটিংয়ে ২২ পয়েন্ট হারিয়েছেন সাকিব। তবু ২১ রেটিং পয়েন্ট পেয়ে অলরাউন্ডার র্যা ঙ্কিংয়ে ৪০৫ রেটিং পয়েন্ট তাঁর। মিরপুর টেস্ট সবচেয়ে ক্ষতি করেছে জো রুটের। র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে পাঁচে চলে এসেছেন ইংলিশ ব্যাটসম্যান। তবে ব্যাটসম্যানদের অবস্থানে অদলবদল হলেও শীর্ষ পাঁচে নতুন কেউ ঢুকতে পারেননি। বোলারদের শীর্ষ পাঁচেও হয়নি কোনো পরিবর্তন। সূত্র: আইসিসি বিজ্ঞপ্তি।