র‍্যাঙ্কিংয়ের খেলাও আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আবহাওয়ার মতোই চনমনে মিনহাজুল আবেদীনের কণ্ঠ, ‘জানেন, এখানে আবহাওয়া খুব ভালো। কাল (পরশু) সকালে আধা ঘণ্টার মতো বৃষ্টি হয়েছে, নইলে প্রতিদিনই দারুণ রোদ ছিল।’

আবহাওয়া নিয়ে প্রধান নির্বাচকের উৎফুল্ল হওয়ার কারণ, বৃষ্টির কারণে ঢাকার অনুশীলন অনেকটাই গৃহবন্দী হয়ে পড়লেও চট্টগ্রামে তা হয়নি। প্রতিদিন দুই বেলা করে অনুশীলন হয়ে প্রস্তুতির চট্টগ্রাম পর্ব এখন শেষের দিকে। কাল এক দিন বিশ্রাম নিয়ে আজ থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেরা ভাগ হয়ে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। তবে চোখের সংক্রমণে ভুগছেন বলে খেলছেন না মোসাদ্দেক হোসেন।

মিনহাজুলের কণ্ঠে যখন অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি নিয়ে তৃপ্তি, তখন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেলের কপালে চিন্তার ভাঁজ। অস্ট্রেলিয়া না টেস্ট র‍্যাংঙ্কিংয়ে সাতে নেমে যায়! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে অস্ট্রেলিয়াকে এক ধাপ নামিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছে ইংল্যান্ড। শ্রীলঙ্কা যদি ভারতের বিপক্ষে শেষ টেস্টে জেতে, তাহলে বাংলাদেশের কাছে ২-০-তে হারলেই সাত নম্বরে নেমে যেতে পারে অস্ট্রেলিয়া! সিরিজ জিতলে তো কথাই নেই, ড্র করলেও বাংলাদেশ উঠে যাবে আট নম্বরে।

চট্টগ্রাম পর্বের অনুশীলন নিয়ে খুবই সন্তুষ্ট দলের সঙ্গে বন্দর নগরীতে থাকা মিনহাজুল, ‘কন্ডিশনিং ক্যাম্প ও স্কিল ট্রেনিংয়ের পর ম্যাচ খেলা দরকার ছিল। এতে ছোটখাটো বিষয়গুলোতে কার কী অবস্থা কিছুটা হলেও বোঝা যাবে। ঢাকায় তো মাঠই প্রস্তুত ছিল না, চট্টগ্রামে না এলে ম্যাচ খেলা কঠিন হতো।’ অবশ্য ১৭ ও ১৮ আগস্ট ঢাকায়ও একটা প্রস্তুতি ম্যাচ হবে বলে জানিয়েছেন মিনহাজুল। সব ঠিক থাকলে সেটি হতে পারে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেই।

শেরেবাংলা স্টেডিয়ামে মাঠ সংস্কারের কাজ হয়েছে। ফতুল্লা স্টেডিয়াম তো গত প্রিমিয়ার লিগ থেকেই জলমগ্ন! ওই সময় মাঠের ভেতরে পানি না ঢুকলেও আউটার স্টেডিয়ামসহ অন্যান্য অংশ দুর্গন্ধময় নোংরা কালো পানিতে ডুবে ছিল। এরপর বৃষ্টিতে বন্যায় ভেসেছে পুরো স্টেডিয়ামই। এ অবস্থায় ২১ ও ২২ আগস্ট অনুষ্ঠেয় অস্ট্রেলিয়ার দুই দিনের প্রস্তুতি ম্যাচটি পড়েছে ভেন্যু সংকটে। বিসিবি বিকেএসপিকে বিকল্প ভেন্যু ধরে রাখলেও অস্ট্রেলিয়া ফতুল্লা স্টেডিয়ামে খেলতে আগ্রহী। সেটা মাথায় রেখে বিসিবিও চেষ্টা করছে মাঠ খেলার উপযুক্ত করতে। পাম্প বসিয়ে পানি সরানোর কাজ শুরু হয়ে গেছে। প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর আশা, অস্বাভাবিক বৃষ্টি না হলে ফতুল্লা স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ আয়োজন অসম্ভব হবে না।

ফতুল্লার প্রতি অস্ট্রেলিয়ার দুর্বলতা থাকাটাই স্বাভাবিক। ২০০৬ সালে বাংলাদেশে একমাত্র পূর্ণাঙ্গ সফরে ফতুল্লা স্টেডিয়ামেই প্রথম টেস্টটি খেলেছিল রিকি পন্টিংয়ের দল। শাহরিয়ার নাফীসের সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে বাংলাদেশ ১৫৮ রানের লিড নিলেও দ্বিতীয় ইনিংসে পন্টিংয়ের অপরাজিত ১১৮ রান জিতিয়ে দেয় অস্ট্রেলিয়াকে। পরে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে সহজেই জেতে।

তবে ২০০৬ সালের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ যে এক নয়, সেটা অস্ট্রেলিয়ানদের ভালোই জানা। চন্ডিকা হাথুরুসিংহে ২-০-তে জয়ের লক্ষ্য ঘোষণা করে দেওয়ায় বাংলাদেশের আত্মবিশ্বাসটাও টের পাচ্ছে নিশ্চিত। বাংলাদেশ সত্যি সত্যি ২-০-তে সিরিজ জিতে গেলে কী হতে পারে, সে হিসাব-নিকাশও শুরু হয়ে গেছে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে।

২০০১ থেকে ২০০৯ পর্যন্ত র‌্যাঙ্কিংয়ে টানা শীর্ষে থাকা দলটার জন্য সাতে নেমে আসাটা হয়তো অকল্পনীয়। তবে ইয়ান চ্যাপেল সাবধানবাণী শোনাচ্ছেন স্মিথদের, ‘সিরিজটা তাদের জন্য কঠিন হবে এবং আমার মনে হয় তারাও (অস্ট্রেলিয়া দল) এটাই ভাবছে। এমন নয় যে, টাকাপয়সা নিয়ে ঝামেলা গেল বলে এ রকম হবে। কাজটা কঠিন হবে ওখানকার কন্ডিশনের কারণে। তা ছাড়া গত এক-দেড় বছরে বাংলাদেশ দলও দারুণ উন্নতি করেছে।’ পরিসংখ্যানের পাতার আরেকটা তথ্যও বাংলাদেশ সফরে কাঁটা হয়ে খোঁচাতে পারে অস্ট্রেলিয়াকে। এশিয়ায় খেলা সর্বশেষ চারটি সিরিজেই হেরেছে তারা। এই চার সিরিজে ১৩টি টেস্ট খেলে জয়ের দেখা পেয়েছে মাত্র একবার।