লংয়ের ভুল স্বীকার করল আইসিসি
ট্রান্স-তাসমান সিরিজ হেরে যাওয়ার আক্ষেপ হয়তো এতে কমবে না। তবে আর কিছু না হোক, একটা সান্ত্বনা তো নিউজিল্যান্ড পাচ্ছে এখন। আম্পায়ার নাইজেল লংয়ের যে সিদ্ধান্তটা ম্যাচের ফলে বড় ভূমিকা রেখেছে, সেটা ভুল ছিল বলে স্বীকার করেছে আইসিসিও। তার মানে, তৃতীয় আম্পায়ারের ওই সিদ্ধান্ত নিয়ে নিউজিল্যান্ডের চরম অসন্তোষের যৌক্তিক কারণ ছিল।
কাল টুইটারে আইসিসি এক বিবৃতিতে বলেছে, নাথান লায়নের ডিআরএসের সিদ্ধান্তটি আইসিসি পুনর্বিবেচনা করেছে ও স্বীকার করছে যে এটা ভুল সিদ্ধান্ত ছিল। সঙ্গে আরও বলা হয়েছে, ডিআরএস প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে আম্পায়ার (নাইজেল লং) সঠিক পদ্ধতিই অনুসরণ করেছেন। তবে সিদ্ধান্তটি দিয়েছেন ভুল।
যে সিদ্ধান্তটি নিয়ে বিতর্ক, সেটির কারণে ‘জীবন’ পাওয়া নাথান লায়ন পরে পিটার নেভিলকে নিয়ে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে যোগ করেছেন আরও ৭২ রান। কম রানের ম্যাচে পরে যেটি ভাগ্যনির্ধারক হয়ে গেছে। নিউজিল্যান্ডও টেস্টটা হেরেছে ৩ উইকেটে। হারিয়েছে ট্রান্স-তাসমান সিরিজে সমতা ফেরানোর সুযোগও। যে আক্ষেপের কথা ম্যাচ শেষেই বলেছেন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ও ব্যাটসম্যান রস টেলর। ম্যাচের পর নিউজিল্যান্ড আইসিসি ও ম্যাচ রেফারি রোশন মহানামার কাছে এ নিয়ে প্রতিবাদও জানিয়েছিল। জানতে চেয়েছিল আইসিসির ব্যাখ্যাও।
সেই ব্যাখ্যা আপাতত নিউজিল্যান্ডকে কিছুটা সান্ত্বনা হয়তো দেবে, তবে আম্পায়ার নাইজেল লংয়ের অস্বস্তিটা কিন্তু বাড়িয়ে দিতে পারে। ১০ ডিসেম্বর থেকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের পরের সিরিজেই আম্পায়ার হিসেবে দাঁড়াবেন এই ইংলিশ। কে জানে, কিউই দর্শকেরা তাঁকে কতটা ‘উষ্ণ’ অভ্যর্থনা দেন! সিডনি মর্নিং হেরাল্ড।