লকডাউন ভেঙে আক্কেলসেলামি সাবেক ভারতীয় ক্রিকেটারের

লকডাউন আইন ভেঙে গাড়ি নিয়ে বের হয়ে ৫০০ রুপি জরিমানা গুনেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার রবিন সিং
লকডাউনের সময় অহেতুক বাড়ির বাইরে ঘোরাঘুরি করে আক্কেলসেলামি দিলেন ভারতের সাবেক ক্রিকেটার রবিন সিং। ১৯৮৯ থেকে ২০০১ সালের মধ্যে ভারতের হয়ে ১টি টেস্ট ও ১৩৬টি ওয়ানডে খেলা অলরাউন্ডারের গাড়ি জব্দ করেছে চেন্নাইয়ের পুলিশ। ৫০০ রুপি জরিমানাও করা হয়েছে ত্রিনিদাদ থেকে ভারতে এসে স্থায়ী হওয়া রবিন সিংকে।
ভারতে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার চেন্নাইয়ে ১৯ জুন থেকে ১২ দিনের জন্য কঠোর লকডাউন দেওয়া হয়েছে। নাগরিকদের বলা হয়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিশপত্র বাড়ির দুই কিলোমিটারের মধ্যে অবস্থিত দোকান বা বাজার থেকে কিনতে। তবে জরুরি প্রয়োজন ছাড়া গাড়ি বের করতে নিষেধ করা হয়েছে।
গত শনিবার চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডে রবিন সিংয়ের গাড়ি আটকায় পুলিশ। সবজি কিনতে বেড়িয়েছিলেন ৫৬ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার। পুলিশ যেখানে তাঁকে আটকায় তা তাঁর বাড়ি থেকে দুই কিলোমিটারেরও বেশি দূরে। পুলিশ জানিয়েছে রবিন সিংয়ের কাছে লকডাউনের সময় বাইরে বেরোনোর অনুমতিপত্র ই–পাস ছিল না, তা ছাড়া তিনি নাকি গাড়ি নিয়ে বের হওয়ার মতো জরুরি প্রয়োজনের কথাও বলতে পারেননি।
চেন্নাইয়ের এক পুলিশ কর্মকর্তা জানান আইনপ্রয়োগকারী সংস্থাকে কোনো অজুহাত দেখাননি রবিন সিং, 'তিনি খুব শান্ত ছিলেন, কোনো রকম ক্ষমতা দেখানোর চেষ্টাও করেননি। লকডাউন আইন ভঙ্গের কারণে আমরা তাঁর গাড়ি জব্দ করেছি। ১৯৮৮ সালের মোটর ভেহিকল অ্যাক্ট অনুযায়ী মামলা করা হয়েছে ও ৫০০ রুপি জরিমানা করা হয়েছে।'