লকডাউনে ওজন কমেছে গাভাস্কারের

করোনার কারণে নেই সিরিজ, নেই টুর্নামেন্ট। নেই ধারাভাষ্য কিংবা কোনো টিভি অনুষ্ঠানের তাড়া। সুনীল গাভাস্কারের হাতে অফুরন্ত সময়। অখণ্ড অবসরে শুয়ে-বসে থাকা ছাড়া তেমন কিছু করার নেই। এই সময় শরীরের ওজন বেড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। কিন্তু গাভাস্কারের হচ্ছে উল্টো। লকডাউনে ঘরবন্দী থেকে ৭০ বছর বয়সী ভারতীয় কিংবদন্তির ওজন কমেছে!
গৃহবন্দী থাকতে থাকতে অনেকের মতো গাভাস্কারের চেহারাও বদলে গেছে। টিভি অনুষ্ঠান কিংবা ধারাভাষ্য যে কেতাদুরস্ত 'সানি ভাই'কে দেখা যায়, এখন যেন তার উল্টো। এলেমেলো চুল, মুখে না কামানো সাদা দাঁড়ি, চেহারার বয়সের ছাপ স্পষ্ট। কদিন আগে একটি ভারতীয় পত্রিকাকে নিজের বর্তমান জীবনযাপন নিয়ে বলছিলেন গাভাস্কার। ঘুম থেকে ওঠেন দেরিতে। পোষ্য প্রাণির সঙ্গে সময় কাটে কিছুক্ষণ। সন্ধ্যায় বাড়ির আঙিনায় হাঁটাহাঁটি করেন। অবশ্য এতেই ওজন কমেনি।
ওজন কমার আসল কারণটা বললেন গাভাস্কার, 'জেনে অবাক হবেন আমার অভিষেক সিরিজে (১৯৭১ সালের মার্চে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) যে ওজন ছিল সেটিতে ফিরে এসেছি। অভিষেক সিরিজের তুলনায় এখন মাত্র ০.০৩ কেজি বেশি ওজন আছে। খাদ্যাভাসে ভীষণ নিয়ম মেনে চলছি। সন্ধ্যায় টিভি সিরিয়াল কিংবা এমন কিছু দেখি। সব মিলিয়ে টানা বাড়িতে থেকে আসলে ভালোই লাগছে।'
গৃহবন্দী থেকে ভালো লাগলেও গাভাস্কারের আরও ভালো লাগত যদি বাড়ির সবাইকে এই সময়ে এক সঙ্গে পেতেন। নানা কারণে হয়তো পরিবারের কেউ কেউ অন্য শহরে আটকা। তবে ভৌগলিক দূরত্ব ঘুঁচে যাচ্ছে প্রযুক্তির কল্যাণে। গাভাস্কার বলছেন, 'যদি পরিবারের সবাই আমার সঙ্গে থাকত, আর বেশি ভালো লাগত। তবে এটা কোনো সমস্যা নেই। নতুন নতুন প্রযুক্তিকে ধন্যবাদ যে আপনি দূরে থেকে অনায়াসে একে অন্যকে দেখতে পারছেন, এক অপরের সঙ্গে কথা বলতে পারছেন। এটা অনেক বড় পাওয়া।'