লকডাউনে কী করতে হবে শিখুন তাঁর কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধোনি, যুবরাজের সঙ্গে রায়না। এএফপি ফাইল ছবি
ধোনি, যুবরাজের সঙ্গে রায়না। এএফপি ফাইল ছবি
>করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্‌বা‌ন জানিয়েছেন ভারতীয় ব্যাটসম্যান ও চেন্নাই সুপার কিংসের তারকা সুরেশ রায়না

করোনা প্রতিরোধে বাসায় বসে থাকার বিকল্প নেই। উপায় না পেয়ে যদি বের হতেই হয়, পর্যাপ্ত সতর্কতা নিয়ে তারপর বের হতে হবে। চলতে হবে বুদ্ধিমত্তার সঙ্গে। যেমনটা চলছেন সুরেশ রায়না।

হিন্দুস্তান টাইমস কে দেওয়া এক সাক্ষাৎকারে করোনা প্রতিরোধে মানুষকে বুদ্ধি খাটানোর পরামর্শ দিয়েছেন এই তারকা, 'আমার মনে হয় সবার এখন বুদ্ধি খাটিয়ে চলা উচিত। বাসা থেকে বের হওয়া উচিত না। এমন কোনো জায়গায় যাওয়া উচিত না যেখানে ভাইরাস সংক্রমণের শঙ্কা আছে। সিদ্ধান্ত গ্রহণের সময় আপনাকে যুক্তিবাদী হতে হবে। যেটা করার দরকার সেটাই করতে হবে। আমার মনে হয় এখন সবার ঐক্যবদ্ধ হয়ে থাকা দরকার। যত বেশি বাসায় থাকবেন, তত বেশি ভালো। আমি কারওর সঙ্গে হাত মেলাচ্ছি না। যাতে দুই পক্ষই নিরাপদে থাকে। ব্যাপারটা কিন্তু খুব বেশি কঠিন না। যেটা বললাম, সবাইকে বুদ্ধি খাটিয়ে চলতে হবে। না হয় বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। আমি নিরাপদে থাকলে আমার আশেপাশে যারা আছে তাঁরাও নিরাপদ থাকবে।'

নিজের পরিবারের প্রতি যত্ন নেওয়াটাও যে এই সময়ে কতটা গুরুত্বপূর্ণ, সেটাও বলেছেন রায়না, 'আমি দিল্লিতে ফিরেছি গত মাসে। আমার মেয়ে, স্ত্রী ও ছেলের সুস্বাস্থ্যের জন্য যা যা করা দরকার, সব করেছি। আমি নিয়মিত আমার বাসা, গাড়ি স্যানিটাইজ করছি। আমার মনে হয় সবারই এটা করা দরকার। পরিস্থিতি বিশেষ সুবিধার না, সবাইকে এই সময়ে সতর্ক থাকতে হবে। আমাদের যখন জানানো হলো চেন্নাই সুপার কিংসের হয়ে ক্যাম্প করানো হবে না, আমরা সঙ্গে সঙ্গে ভাবা শুরু করলাম এই সময়ে কী কী করা উচিত। করোনাভাইরাস একটা বৈশ্বিক হুমকির নাম। আইপিএল জীবনের একটা অন্যতম অংশ হতে পারে, তবে আমাদের জীবনে পরিবার, প্রিয়জনও আছে। যা খেলাধূলার চেয়ে গুরুত্বপূর্ণ। সবার ক্ষেত্রেই একই কথা খাটে।'

বাইরে না গিয়ে মেয়েকে বাসাতেই সব শিক্ষা দিচ্ছেন রায়না, 'তাই আমি যখন বাসায় ফিরলাম, বেশ কিছু দরকারি কাজ করেছি। আমার স্ত্রী-সন্তানদের হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করিয়েছি। আমার মেয়ে এখন স্কুলে যাচ্ছে না। ওর স্কুল বন্ধ, এমনকি যেখানে খেলতে যায় সে জায়গাটাও বন্ধ। সকল শপিং মলও বন্ধ, বন্ধ লাইব্রেরীও। ওকে এখন বাসার মধ্যেই বিনোদনমূলক কাজ করতে হয়। ও বাসাতেই নাচের ক্লাস গুলো করছে। বাসাতেই পিয়ানো শিখছে। ওর বয়স মাত্র চার, ও এতকিছু বোঝে না, তাই ওকে বোঝাতে হবে। ওর মতো সকল শিশুকে পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে বোঝাতে হবে। এভাবেই ওরা পরিপক্ক হবে। এই বাহানায় পরিবারের সঙ্গেও সময় কাটাতে পারবে। ক্রীড়াবিদ হিসেবে আমি নিজে অনুশীলন করছি একা একা। বাসার পাশের পার্কে। যা হাত দিয়ে ধরতে হবে, সবকিছু স্যানিটাইজ করে নিচ্ছি। যেখানেই যাই না কেন, সঙ্গে করে স্যানিটাইজারটা নিয়ে যাই।'