লকডাউনে কীভাবে বেড়াবেন, শুনুন ভারতীয় ক্রিকেটারের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুইটারে এই দুই ছবিতে ভ্রমণের পদ্ধতি বুঝিয়ে দিয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। ছবি: টুইটার
টুইটারে এই দুই ছবিতে ভ্রমণের পদ্ধতি বুঝিয়ে দিয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। ছবি: টুইটার

শেষ কবে ঘর থেকে বেরিয়েছেন?

ডাক্তার, নার্স, বা চিকিৎসাসেবায় জড়িত হলে প্রশ্নটা অবান্তর। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখসমরে আছেন তাঁরা। পুলিশ-সেনাবাহিনীসহ সামরিকবাহিনীও লড়ছে রাস্তায়। মানুষের প্রয়োজনেই বের হতে হচ্ছে জনসেবায় নিয়োজিত সরকারী চাকরিজীবী, ব্যাংকার, সাংবাদিকসহ আরও অনেককে। দরিদ্র অনেককে হয়তো উপায় না পেয়ে বের হতে হচ্ছে পেটের দায়ে।

এর বাইরে যাঁরা? করোনাভাইরাসকে বাড়ির বাইরে রাখতে হয়তো সবচেয়ে দরকারি কাজটাই করছেন অনেকে – হয়ে আছেন ঘরবন্দী। বন্ধু-স্বজনের সঙ্গে হয়তো দেখা হয় না অনেকদিন, হয়তো বাড়ির পাশের চায়ের দোকানো জমিয়ে আড্ডা দেওয়া হচ্ছে না। সময়টা যে স্বাভাবিক নয়! আর বেড়ানো? সে তো এই মুহূর্তে অভাবনীয়।

ভারতীয় ক্রিকেটার মায়াঙ্ক আগারওয়ালের জন্য অবশ্য নয়। টুইটারে ভক্ত-সমর্থকদের সঙ্গে এই লকডাউনের মধ্যেও ভ্রমণের একটা পদ্ধতি বাতলে দিয়েছেন আগারওয়াল। একেবারে গুনে গুনে তিন ধাপের সেই পদ্ধতি! তবে তাতে লকডাউন ভাঙার অপরাধও করতে হবে না!

কী এমন পদ্ধতি? টুইটারে সেটিই লিখেছেন আগারওয়াল। টুইটে দুটি ছবি জুড়ে দিয়েছেন। প্রায় কাছাকাছিই দেখতে ছবি দুটি। দুটিতে আগারওয়াল একই পোশাক পরে আছেন। বসে আছেন একই চেয়ারে। বসার ভঙ্গিও একই। তবে তাঁর সামনের দৃশ্য দুই ছবিতে দুরকম। একটিতে তাঁর সামনে দেখা যাচ্ছে তাঁর বাড়ির বাগান, অন্যটিতে সমুদ্রসৈকত।

ছবি দুটির সঙ্গে আগারওয়াল বর্ণনা করেছেন তিন ধাপের সেই ভ্রমণ পদ্ধতি। সেখানে লেখা, ‘লকডাউনে যেভাবে ভ্রমণে বেরোবেন -
ধাপ ১: একটা চেয়ার নিন।
ধাপ ২: দিগন্তের দিকে তাকান।
ধাপ ৩: কল্পনার ঘোড়া ছুটিয়ে দিন।’

ব্যস, কল্পনাতেই এবার যেখানে খুশি বেড়াতে চলে যেতে পারেন। করোনার কারণে ক্রিকেটসহ সব খেলাই তো বন্ধ হয়ে আছে। ক্রিকেটাররাও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখতে নানান উপায় বের করছেন। আগারওয়াল না হয় একটু মজাই করলেন। কে বলে অলস মস্তিষ্ক সব সময় শয়তানের কারখানা! সেখানে এমন মজার বুদ্ধিও তো আসতে পারে!