
বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর হাত দিয়ে হৃদয় এঁকে ও উড়ন্ত চুমোতে নিজের ভালোবাসা পাঠিয়েছিলেন গ্যালারির দিকে। তাঁর সেই সেঞ্চুরি সেদিন বাংলাদেশকে নিয়ে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে। টানা দুই সেঞ্চুরিতে ভক্ত-সমর্থকদের ভালোবাসার লাখো অদৃশ্য চুম্বনে সিক্ত হয়েছেন মাহমুদউল্লাহ। কাল অবশ্য কোনোভাবেই সেই চুমু ফিরিয়ে দিতে রাজি হলেন না।
ওইভাবে চুমু এঁকে দেখানোর উপস্থাপকের অনুরোধ এড়িয়ে বললেন, ‘ওটা ছিল বিশেষ কিছু, শুধু আমার স্ত্রী ও সন্তানের জন্য। ভক্তদের সবাইকে আমি ভালোবাসি কিন্তু এটি অন্য কাউকে দেওয়া যাবে না।’
সাবেক ফুটবলার আলফাজ আহমেদের কাছ থেকে ২০১৫ সালের বর্ষসেরা রানারআপের পুরস্কার নেওয়া মাহমুদউল্লাহ অবশ্য ভক্তদের প্রতিদান অন্যভাবেই দিতে চান। ব্যাটে অকৃপণ রান করে। ২০১৫ বছরটি ব্যাট হাতে কাটিয়েছেন স্বপ্নের মতো। বিশ্বকাপের সেই স্মরণীয় যাত্রার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়েও খেলেছেন গুরুত্বপূর্ণ ইনিংস। এমন পারফরম্যান্সেই রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কারে বর্ষসেরাদের সেরা তিনের একজন। শেষ পর্যন্ত রানারআপ হলেও খুশি মাহমুদউল্লাহ, ‘খুব ভালো লাগছে। পুরস্কার সব সময়ই অনুপ্রেরণা দেয়। ইনশা আল্লাহ, আরও ভালো করব। পুরস্কারটা পেয়ে খুব ভালো লাগছে। ধন্যবাদ প্রথম আলোকে।’
এ বছরের শুরুটাও দুর্দান্ত হয়েছে। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স ইঙ্গিত দিচ্ছে আরও ভালো কিছুর। মাহমুদউল্লাহ নিজেও বললেন, ‘পারফরম্যান্স যেন আরও ভালো করতে পারি, এটাই লক্ষ্য থাকবে। ভবিষ্যতে আরও ভালো করে পরেরবার যেন কাঙ্ক্ষিত পুরস্কারটি (বর্ষসেরা) নিতে পারি। তাহলে আরও খুশি হব।’