লক্ষ্য এবার ৩-০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করেই যেন রশিদ লতিফ হয়ে গেলেন মুশফিকুর রহিম। নাকি মাহেলা জয়াবর্ধনে! ১১ বছর আগে রশিদ লতিফ যা বলেছিলেন, কিংবা সাড়ে সাত বছর আগে জয়াবর্ধনে; কাল যে মুশফিকও তা-ই বললেন। ৩-০তে জিততে চান টেস্ট সিরিজ!
বাংলাদেশ দল এ নিয়ে তৃতীয়বারের মতো খেলছে তিন টেস্টের সিরিজ। তবে শেষ টেস্টের আগে, ‘৩-০তে সিরিজ জিততে চাই’ বলতে পারছে এই প্রথম। রশিদ লতিফের পাকিস্তানের বিপক্ষে ২০০৩ সালে ও মাহেলা জয়াবর্ধনের শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৭ সালে আগের যে দুটি তিন টেস্টের সিরিজ খেলেছে বাংলাদেশ, দুটিতেই শেষ টেস্ট খেলতে নেমেছিল ০-২ পিছিয়ে থেকে। দুবারই শেষ টেস্টটা হয়েছিল হোয়াইটওয়াশ হওয়ার উপলক্ষ। এই প্রথম তিন টেস্টের সিরিজে বাংলাদেশ উল্টো স্বপ্ন দেখতে পারছে প্রতিপক্ষকে ৩-০তে সিরিজ হারানোর।
টেস্ট সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার স্বাদ অবশ্য পাওয়া হয়ে গেছে ২০০৯ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরেই। তবে সেটা ছিল দুই টেস্টের সিরিজ। ৩-০ এখনো অনাস্বাদিত এবং সেটির স্বাদ পেতে বাংলাদেশ দল এমনই দৃঢ়প্রতিজ্ঞ যে, কাল বেশ কয়েকটি প্রশ্নের জবাবেই মুশফিক ঘুরেফিরে একই কথা বললেন—
* ‘ওরা (জিম্বাবুয়ে) প্রায় তিন সপ্তাহের মতো আমাদের এখানে আছে। আমাদের বোলিং, কন্ডিশন ওরা জানে। তবে উইকেটটা যদি আমাদের শক্তি অনুযায়ী সহায়তা করে, তাহলে চেষ্টা করব এই টেস্টটা জিতে যেন সিরিজটা ৩-০তে জিততে পারি।’
* ‘র‌্যাঙ্কিংয়েরও একটা ব্যাপার আছে, সেদিক থেকে বলব ৩-০ আমাদের লক্ষ্য।’
* ‘অবশ্যই চেষ্টা করব এ টেস্ট জিতে যেন ৩-০তে সিরিজ জিততে পারি। এ রকম সুযোগ সব সময় আসে না।’
শুধু বাংলাদেশ দলের জন্য প্রথমবার ৩-০তে সিরিজ জেতার সুযোগই নয়, মুশফিকুর রহিমের জন্য আরেকটা দিক দিয়েও এই টেস্টটি একটু অন্য রকম। টেস্ট অধিনায়ক হিসেবে হাবিবুল বাশারের সর্বোচ্চ ১৮ ম্যাচ টপকে আজ ১৯তম টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়ে নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন। এই রেকর্ডটাকে অলংকৃত করতেও জিম্বাবুয়ের বিপক্ষেÿআজ থেকে শুরু সিরিজের শেষ টেস্টটা জিততে চান মুশফিক, চান নিজেও ভালো খেলে তাতে অবদান রাখতে। তবে সিরিজের প্রথম দুই টেস্টের চেয়ে তা কঠিন হবে বলেই মনে হচ্ছে তাঁর, ‘বাস্তবতা হলো, শেষ দুটি টেস্ট আমরা যেভাবে জিতেছি, তার চেয়ে কঠিন হবে এই টেস্টটা। তবে আমাদের আত্মবিশ্বাস আছে, ভালো খেললে আমরা জয়লাভ করব।’
প্রথম দুই টেস্ট জয়ে ব্যাট-বল হাতে দারুণ ভূমিকা রেখেছেন সাকিব আল হাসান। দ্বিতীয় টেস্টে তো সেঞ্চুরি আর ১০ উইকেটের কীর্তিতে নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়ই। চট্টগ্রাম টেস্টেও তিনিই পাদপ্রদীপের আলোয়। প্রত্যাশা বেশি থাকবে তাঁর কাছেই। তবে ক্রিকেটে প্রতিদিনই একজন নায়ক হবেন, সেটা তো আর হয় না। মুশফিকও তাই শুধু সাকিবের দিকে না তাকিয়ে থেকে ভালো কিছু চাচ্ছেন সবার কাছ থেকেই। তাঁর দর্শন—দলে পারফরমার যত বেশি থাকবে, জয়ের সম্ভাবনাও ফুটে উঠবে তত।
তা ৩-০-এর লক্ষ্যে খেলতে নামা এই টেস্টে কেমন হবে বাংলাদেশ দলের চেহারা? মুশফিক ধাঁধার উত্তরটা কালই দিতে চাইলেন না। চট্টগ্রামের উইকেটে বাউন্স কম, স্পিন সহায়ক। এসব মাথায় রেখেই একাদশ গড়ার কথা বলেছেন তিনি। সঙ্গে আর যেটা বলেছেন, সেটা সবারই জানা। এক পেসার খেললে একজন বাড়তি ব্যাটসম্যান থাকবেন দলে। তবে নির্বাচক মিনহাজুল আবেদীনের কথা ঠিক হলে এত বিশ্লেষণে যাওয়ার দরকার পড়ছে না। মিনহাজুল কাল একপ্রকার বলেই দিয়েছেন, কেমন হতে যাচ্ছে শেষ টেস্টের একাদশ। দলে পরিবর্তন দুটি। তামিম ইকবালের ওপেনিং সঙ্গী হচ্ছেন ইমরুল কায়েস। আর পেসার শাহাদাত হোসেনের জায়গা নেবেন শফিউল ইসলাম।
পরিবর্তন আসতে পারে জিম্বাবুয়ে দলেও। কাল দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা হ্যামিল্টন মাসাকাদজা সে ব্যাপারে কোনো আভাস না দিলেও এই টেস্টে তাঁদের লক্ষ্যের কথাটা জানিয়ে দিয়েছেন স্পষ্ট করে, ‘আমরা জেতার জন্যই খেলব এবং সেটা টেস্টের পর ওয়ানডে সিরিজেও। অনেক দিন হয়েছে বাংলাদেশের মাটিতে আমরা টেস্ট জিতি না। এই টেস্টটা জিততে পারলে সেটা হবে বিশেষ কিছু।’
কিন্তু বাংলাদেশের চোখও যে ৩-০তেই! আর শুধু টেস্ট সিরিজ তো নয়, মুশফিকের চোখে ওয়ানডে সিরিজেও ধবলধোলাইয়ের আশা। জিম্বাবুয়েকে দুই সিরিজেই হোয়াইটওয়াশ করে আন্তর্জাতিক ক্রিকেটে একটা বার্তা ছড়িয়ে দিতে চান তিনি। মুশফিকই বলছিলেন, ‘আমরা টেস্ট ক্রিকেট কম খেলি। ৩-০তে সিরিজ জিতে আমরা একটা বার্তা দিতে পারি যে, বাংলাদেশ দল অনেক ভালো। এরপর পাঁচটা ওয়ানডে আছে, সবগুলো ম্যাচই যদি আমরা জিততে পারি, তাহলে একটা বার্তা দিতে পারব।’
কথাগুলো মুশফিকই বলছিলেন তো! নাকি রশিদ লতিফ কিংবা মাহেলা জয়াবর্ধনে?