লক্ষ্য বানানো হয়েছে গেইলকে!

একের পর এক সমালোচনার তির ধেয়ে আসছে ক্রিস গেইলের দিকে। কয়েক মাস আগে বিগ ব্যাশে এক উপস্থাপিকাকে অভিসারের প্রস্তাব দিয়ে বিপাকে পড়েছিলেন। কয়েক দিন আগে টাইমস সাময়িকীর এক সাংবাদিককে সাক্ষাৎকারের সময় অভব্য কথা বলে আবার তুমুল সমালোচনায় পড়লেন। কঠিন সময়ে সতীর্থ ড্যারেন স্যামিকে পাশে পাচ্ছেন গেইল। স্যামির মতে, গেইলকে আসলে ইচ্ছা করেই শিকার বানানো হচ্ছে।
ওয়েস্ট ইন্ডিজ দলে অনেক দিন থেকেই একসঙ্গে খেলছেন দুজন। গেইলকে খুব কাছ থেকেই দেখেছেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার গেইলের পাশেই আছেন, ‘ক্রিস গেইল বৈশ্বিক একটা চরিত্র। সতীর্থ হিসেবে আমি ওকে শ্রদ্ধা ও সম্মান করি। আমার মনে হয়, কোনো কারণ ছাড়াই মানুষ গেইলকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। আমার কাছে গেইল ক্রিকেটের নায়কদের একজন। সে একজন বিনোদনদায়ী, কিন্তু অনেকেই এখন তার পেছনে লেগেছে।’
মাঠে সব সময়ই গেইল বর্ণময় একজন চরিত্র। কিন্তু প্রশ্ন উঠেছে আসলে মাঠের বাইরের গেইলকে নিয়ে। সেখানে তিনি যেসব করেছেন, সেটা কি সুবিবেচনাপ্রসূত বা সমর্থনযোগ্য? স্যামি এবারও সতীর্থের পাশে দাঁড়ালেন, ‘গেইল মাঠে যা করে সে জন্য আমি সব সময় ওকে সমর্থন দিয়ে যাব। হ্যাঁ, যারা খেলা দেখে তাদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় গেইলকে ইচ্ছা করে খবরের কাগজের শিরোনাম বানানো হচ্ছে।’