লক্ষ্য ৩৩১, আজ পারবে ভারত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ার্নারের সেঞ্চুরির উচ্ছ্বাস। ছবিঃ এএফপি
ওয়ার্নারের সেঞ্চুরির উচ্ছ্বাস। ছবিঃ এএফপি

জসপ্রিত বুমরার করা বলটাকে আলতো করে ঠেলে দিয়েই দৌড় শুরু। প্রথম রানটা বেশ জোরে নিয়েছিলেন ৯৮ রানে অপরাজিত ডেভিড ওয়ার্নার, উদ্দেশ্য দুইয়ের। সেটিও হয়ে গেল। কিন্তু ওয়ার্নারের দৌড় থামল না। ক্রিজ ছাড়িয়ে পারলে যেন উইকেটের পেছনে বাউন্ডারি পেরিয়েই চলে যান। হয়তো দ্বিতীয় সন্তানের পিতা হওয়ার উচ্ছ্বাস। সেটিই প্রকাশ পেল তাঁর উদ্‌যাপনে। দুই হাত জোড় করে বাচ্চাকে কোলে নিয়ে দোল খাওয়ানোর মতো ভঙ্গিতে উদ্‌যাপন করলেন ওয়ার্নার।

দ্বিতীয় সন্তানের মুখ দেখে এসে গত ম্যাচেই মাঠে নেমেছিলেন। মাত্র ৭ রানের জন্য সেদিন পারেননি সেঞ্চুরি দিয়ে নবাগত সন্তানকে স্বাগত জানাতে।

ওয়ার্নারের আক্ষেপটা মুছে গেছে আজ। সিরিজের পঞ্চম ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরি পেয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার। সেঞ্চুরি পেয়েছেন মিচেল মার্শও। আর এই দুই সেঞ্চুরিতে ভর করে ভারতের সামনে ৩৩০ রানের পাহাড় দাঁড় করিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।

সিরিজে প্রথম তিন ম্যাচে আগে ব্যাট করে হেরেছে ভারত। চতুর্থটিতে হেরেছে পরে ব্যাট করেও, তবে সেদিন অনেকটা সময় পর্যন্ত রান তাড়া করার পথে বেশ ভালোই এগোচ্ছিলেন কোহলি-রোহিতরা। ওই ম্যাচ থেকে পাওয়া অনুপ্রেরণার কারণেই হয়তো, আজ টস জিতে প্রথমে বোলিং নিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শুরুটা ভালোও হয়েছিল। প্রথম ওভারেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অ্যারন ফিঞ্চকে ফিরিয়ে দিয়েছিলেন ইশান্ত শর্মা। একে একে আগের চার ম্যাচে বেশ ভালো খেলা স্মিথ ও বেইলির সঙ্গে এই ম্যাচেই দলে ফেরা শন মার্শ—১১৭ রানের মধ্যেই অস্ট্রেলিয়ার চার ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়েছেন ভারতের বোলাররা।

কিন্তু ওয়ার্নার যে তখনো রয়ে গেছেন ভারতের পথের কাঁটা হয়ে! মিচেল মার্শকে নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসটাকে গড়ার দিকে মনোযোগ দিলেন তিনি। সঙ্গে রানের গতিটাও ঠিক রেখে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত ১১৩ বলে ১২২ রান করে আউট হয়েছেন ওয়ার্নার।

ওয়ার্নার যে কাজটি শুরু করেছেন, সেটিই যেন শেষ করে গেলেন মিচেল মার্শ। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা তুলে নিয়েছেন এই ২৪ বছর বয়সী অলরাউন্ডার। শেষ দিকে ৮৫ রানের জুটি গড়ে তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন উইকেটকিপার ম্যাথু ওয়েডও। আর তাতেই ভারতের সামনে ৩৩১ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ভারতের বোলারদের মধ্যে বেশ ভালো বল করেছেন অভিষিক্ত বুমরা। ২২ বছর বয়সী পেসার ফুল লেংথ, গায়ের দিকে ধেয়ে আসা বাউন্সার দিয়ে বেশ কয়েকবার বিপাকে ফেলেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের। শেষ পর্যন্ত ১০ ওভারে ৪০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন বুমরা। ২ উইকেট নিয়েছেন ইশান্ত শর্মাও।


তবে সেঞ্চুরি করেও একটু হয়তো অস্বস্তিতে থাকবেন মার্শ। নার্ভাস নাইন্টিজে এসে যে একটু ধীর হয়ে পড়েছিলেন। ৭২ বলে ৯২ করেছিলেন, কিন্তু শেষ ৮ রান করতে বল খরচ করেছেন আরও ১২টি। অথচ তখন ইনিংসের শেষ ওভারগুলো চলছে। নইলে ভারতকে আরও বড় লক্ষ্যই দিতে পারত অস্ট্রেলিয়া। স্টার স্পোর্টস।