লগান-এর ভুবন হতে পারলেন না ধোনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধোনির স্কুপ। আজ খুব কম সময়ই এমন উজ্জ্বল ছিলেন ধোনি। ছবি: এএফপি
ধোনির স্কুপ। আজ খুব কম সময়ই এমন উজ্জ্বল ছিলেন ধোনি। ছবি: এএফপি

শেষ বলে ছক্কা? ভুবন তো পেরেছিল! কিন্তু সে ছিল লগান সিনেমার ভুবন। কিন্তু বাস্তবের ভুবনেশ্বর কুমার পারলেন না। ছক্কা হাঁকালেও ম্যাচটা ‘টাই’ অন্তত হতো। কিন্তু ভুবনেশ্বর নিলেন এক রান। ভারত হারল ৫ রানে।
ভুবনেশ্বর নয়, আজ লগান-এর ভুবন হওয়ার সুযোগ ছিল মহেন্দ্র সিং ধোনির সামনে। একই ওভারে রোহিত শর্মা আর সুরেশ রায়নাকে হারিয়ে ফেলেছে ভারত। ২৪ বলে মাত্র ৩৫ প্রয়োজন, হাতে ৭ উইকেট—এই সহজ সমীকরণটা কঠিনতর হয়ে গেল ইমরান তাহিরের করা ৪৭তম ওভারে। ফিরে গেলেন রোহিত-রায়না দুজনই। সেখান থেকে প্রায় একাই ম্যাচ বের আনছিলেন ধোনি।
৩ বলে ৭ রান দরকার—এই সমীকরণের সামনে ভারতকে এনেও ধোনি পারলেন না। এমন পরিস্থিতিতে বারবার ম্যাচ বের করে আনতে পারেন বলেই ফিনিশার হিসেবে আলাদা নাম ছড়িয়েছিল। ঠান্ডা মাথা বদৌলতে পেয়েছিলেন ক্যাপটেন কুল নামটাও। কিন্তু ফিনিশার কিংবা ক্যাপটেন কুল কোনোটাই আজ কূল পেল না। মাত্র ষষ্ঠ ওয়ানডে খেলতে নামা তরুণ রাবাদার কাছে লড়াইটাতে হার মেনে ফিরলেন ধোনি।
ম্যাচটা জেতাতে পারলে নিঃসন্দেহে নায়ক হয়ে যেতেন। রোহিতের ১৫০ রানের পরও ধোনিকেই মাথায় তুলে নিয়ে নাচা হতো ওই পরিস্থিতিতে ম্যাচ বের করে আনায়। কিন্তু নায়কের বদলে ধোনি এখন একেবারেই খলনায়ক। রায়নার আগে কেন নামলেন এখন এই প্রশ্নও উঠছে। ধোনি মন্থর গতিতে ব্যাট করছিলেন বলেই নাকি চাপে পড়ে যাওয়া রোহিত আর রায়না মেরে খেলতে গিয়ে আউট। টুইটার-ফেসবুকে তাই চলছে ধোনির মুণ্ডুপাত।
রোহিতের সঙ্গে জুটিটায় ৫৫ উঠেছে বটে, কিন্তু তাতে ধোনির অবদান মাত্র ৯। এক সময় ১৭ বলে অপরাজিত ছিলেন মাত্র ১০ রানে। নাগালেই থাকা ম্যাচটায় হুট করে রোহিত আর রায়না যে মেরে খেলতে গেলেন, তাতে ধো​নির ‘অবদান’ থাকলেও থাকতে পারে।
ধোনি অবশ্য এর প্রায়শ্চিত্ত করছিলেন ভালোভাবেই। পরের ১৩ বলে ২১ রান রান করেছেন। এই বয়সেও শর্টে ঠেলে দিয়ে দুই রান তুলে তুলছিলেন। শেষ ওভারে ১১ রানের সমীকরণটা মেলাতে পারলেই নায়ক হয়ে যেতেন। কিন্তু রাবাদার বলে রাবাদার হাতেই ক্যাচ দিলেন। যেন প্রতীকী আত্মসমর্পণ।
ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলিয়ে ধোনির নেতৃত্বে সর্বশেষ সাত ম্যাচের ছয়টিতেই হেরেছে ভারত। এর পরি​সংখ্যানের সঙ্গে যুক্ত হচ্ছে স্লগ ওভারে ধোনির ধসে পড়া স্ট্রাইকিং রেট। ইনিংসের শেষ ১০ ওভারে ২০১৩ সালে ধোনির স্ট্রাইকিং রেট ছিল ১৫১, গত বছর ১৩৪। এই বছরে সেটি নেমেছে ১১৪। আজ পুরো ইনিংসে মাত্র একটি চার! ফিনিশার ধোনির এ কী পতন!