লঙ্কাকে হারিয়ে দিল জিম্বাবুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঁধে দেওয়া সময়টা ছিল ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ। তার আগে মাইকেল ক্লার্ক নিজের ফিটনেস প্রমাণ করতে পারবেন, নাকি পারবেন না এ নিয়ে নানা জল্পনা-কল্পনা হয়েছে। অস্ট্রেলিয়া দলেও তাঁকে পাওয়ার আশাবাদ যেমন ছিল, ছিল হারানোর শঙ্কাও।
তবে শেষ পর্যন্ত শঙ্কাটা উড়িয়ে আশা জাগিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে কাল প্রস্তুতি ম্যাচে শুধু ফিরলেনই না, অধিনায়কত্ব করলেন, ব্যাট হাতে ওপেন করলেন এবং ৬৪ রানের দারুণ ইনিংস খেলে প্রমাণ করলেন মাঠে ফিরতেও প্রস্তুত তিনি। অধিনায়কের প্রত্যাবর্তন ম্যাচে অস্ট্রেলিয়াও ১৮৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে আরব আমিরাতকে।
তবে ক্লার্কের ফেরার দিনে বড় চমকটা দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রস্তুতি ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে দলটি জানান দিয়েছে, বিশ্বকাপে নজরটা তাদের দিকেও রাখতে হবে! বার্ট সাটক্লিফ ওভালে ৮ উইকেটে ২৭৯ রান তুলেছিল শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথুসের দলকে চমকে দিয়ে হেসেখেলেই এ রান তাড়া করে জিতে গেছে জিম্বাবুয়ে। ১১৯ বলে অপরাজিত ১১৭ রানের ইনিংস খেলে জিম্বাবুয়ের জয়ের নায়ক হ্যামিল্টন মাসাকাদজা।
একই দিনে অধিনায়ক মিসবাহ-উল-হক ও উমর আকমলের হাফ সেঞ্চুরিতে পাকিস্তান ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩৪ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩৩১ রান করেছিল নিউজিল্যান্ড। জবাবে ১৯৭ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। সেই চোট কাটিয়ে মাইকেল ক্লার্ক গত সপ্তাহে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। করেছিলেন ৩৪ রান। ওই ম্যাচের পরই ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ক্লার্কের খেলার সম্ভাবনা জোরালো হয়। তবে গতকাল তাঁর পারফরম্যান্সের পর আগামী শনিবার ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচেই অধিনায়ককে খেলানোর কথা ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কোচ ড্যারেন লেম্যান বলছেন, ‘আমরা এ বিষয়ে কাল (আজ) চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আপাতত এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।’
নিয়মিত ওপেনার ডেভিড ওয়ার্নারকে কাল বিশ্রাম দিয়েছিল অস্ট্রেলিয়া। তাঁর বদলে অস্ট্রেলিয়া অধিনায়ক নিজেই অ্যারন ফিঞ্চের সঙ্গে ওপেন করার সিদ্ধান্ত নেন। শুরুতে কিছুটা অস্বস্তি দেখা গেলেও ধীরে ধীরে ছন্দে ফেরেন ক্লার্ক৷ দেড় ঘণ্টার মতো ক্রিজে ছিলেন, ৬১ বলে ৬৪ রানের ইনিংসে তাঁকে বেশ স্বছন্দই মনে হয়েছে পরে। ক্লার্কের পাশাপাশি ফিঞ্চ (৬১) আর স্টিভেন স্মিথের (৫৯) আরও দুটি হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩০৪ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ৩০.১ ওভারে ১১৬ রানে অলআউট আরব আমিরাত।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৫০ রান করেছিল ইংল্যান্ড। জবাবে ৭ বল বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ৫ চার ও ২ ছক্কায় অপরাজিত ৯১ রানের ইনিংস খেলেছেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ। ৬৫ রান করে তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান উমর আকমল। ক্রিকইনফো।