'ব্যাটসম্যান' অশ্বিনে এক শ পেরোল ভারত

প্রথম ওভারেই দুই উইকেট পড়ে গেল। নবম ওভারেও একই দশা। মাঝে পঞ্চম ওভারে আরও একটি উইকেট। চার ওভার পরপর তিন ধাক্কায় নেই ভারতের পাঁচ ব্যাটসম্যান। রান তখনো মাত্র ৫১, তাতেই শুরুর পাঁচ ব্যাটসম্যান নেই।
ভারত এক শ পেরোতে পারবে কি না, এই শঙ্কাটাও তখন ঘিরে ধরেছিল। শেষ পর্যন্ত পারল ভারত। রবিচন্দ্রন অশ্বিনের ২৪ বলে ৩১ রানের ইনিংসে ভর করে অলআউট হওয়ার আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১০১ রান করতে পেরেছে মহেন্দ্র সিং ধোনির দল।
পুনের এমসিএ মাঠ বেশ সবুজ, পিচ যেন আরও বেশি সবুজ। টসটা তাই অনেক গুরুত্বপূর্ণ ছিল। তাতে কপাল পুড়ল ভারতের। টসে জিতে অনুমিতভাবেই ফিল্ডিং নিল শ্রীলঙ্কা। অভিষিক্ত কাসুন রাজিথার হাত থেকে যেন বল নয়, গোলা বেরোল। প্রথম ওভারের দ্বিতীয় ও শেষ বলেই আউট হয়ে গেলেন অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত ফর্মে থাকা রোহিত শর্মা ও অজিঙ্কা রাহানে। সেই শুরু। একে একে ধাওয়ান, রায়না, যুবরাজ, ধোনি, হার্দিক পান্ডে, জাদেজা, নেহরা, বুমরা - সবাই শুধু এলেন আর গেলেন।
ব্যতিক্রম হয়ে রইলেন রবিচন্দ্রন অশ্বিন। একাদশ ওভারে পান্ডে আউট হওয়ার পর ক্রিজে এসেছিলেন। এরপর একাই লড়ে গেলেন। পাঁচ চারে সাজানো অশ্বিনের ইনিংসটি হয়তো বাকি ব্যাটসম্যানদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, এই পিচেও অন্তত কিছু রান তো করাই যায়। বাকিদের মধ্যে যে রায়না করেছেন ২০, আর যুবরাজ ১০ - এ ছাড়া দুই অঙ্ক পেরোতে পারলেন না আর কোনো ব্যাটসম্যানই।
মাত্রই অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করে আসা দলটিই ঘরের মাটিতে কেমন ছন্নছাড়া। অন্যদিকে দুই অভিষিক্তকে নিয়ে খেলতে নামা শ্রীলঙ্কা যেন সবুজ পিচে নতুন প্রাণের উচ্ছ্বাস দেখাচ্ছে। অন্তত বোলিংয়ে। অভিষিক্ত রাজিথা ও একটি টি-টোয়েন্টির অভিজ্ঞতা নিয়ে খেলতে নামা দাসুন শানাকা নিয়েছেন ৩টি করে উইকেট।