লঙ্কান প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে না তাসকিনদের
লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন তাসকিন আহমেদসহ পাঁচ বাংলাদেশি ক্রিকেটার—এটা পুরোনো খবর। আসল খবর হলো, দল পেলেও এলপিএলে হয়তো খেলা হবে না তাঁদের।
নিউজিল্যান্ড সফর ও ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের (বিএসএল) কারণে তাঁরা অনুমতি না–ও পেতে পারেন।
এলপিএল শুরু হচ্ছে আগামী ৫ ডিসেম্বর থেকে। গতকাল এ টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট হয়ে গেছে। বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, মেহেদী হাসান রানা ও নাজমুল ইসলাম।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন, ‘সাধারণত জাতীয় দলের খেলা থাকলে সেটাকেই প্রাধান্য দেওয়া হয়। এরপর অন্য কিছু বিবেচনা করা হয়। আর বাকিদের সিদ্ধান্তটা এখনই বলা যাচ্ছে না।’
লঙ্কান প্রিমিয়ার লিগে মোট দল পাঁচটি। বোলার তাসকিন ও আল আমিনকে দলে ভিড়িয়েছে কলম্বো স্টার্স। ‘গোল্ড ওভারসিজ বি’ ক্যাটাগরিতে কলম্বো এ দুজনকে দলে নিয়েছে তাঁদের ভিত্তিমূল্য ২৫ হাজার মার্কিন ডলারে।
দলটিতে আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। উইকেটকিপার–ব্যাটসম্যান মিঠুন, স্পিনার নাজমুল ইসলাম ও বাঁহাতি পেসার মেহেদী খেলবেন ক্যান্ডি ওয়ারিয়র্সে।
গোল্ড ওভারসিজ ‘এ’ ক্যাটাগরিতে ৪০ হাজার ডলারে মিঠুনকে পেয়েছে ক্যান্ডি। এবারের এলপিএলে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকে দল পেয়েছেন মিঠুনই।
গোল্ড ওভারসিজ ‘বি’ ক্যাটাগরিতে আছেন নাজমুল ও মেহেদী। এবারের এলপিএলে ক্রিস গেইল ছাড়া বিশ্বের বেশ কিছু তারকা ক্রিকেটারকে খেলতে দেখা যাবে। দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, ফাফ ডু প্লেসি ও পাকিস্তানের মোহাম্মদ হাফিজকেও খেলতে দেখা যাবে। ৫ ডিসেম্বর শুরু হয়ে টুর্নামেন্টটি শেষ হবে ২৩ ডিসেম্বর।