লঙ্কানদের আরেকটি হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঙ্গাকারা ৮১ রান করলেও তা দলের হার ঠেকাতে পারেনি। ছবি: এএফপি।
সাঙ্গাকারা ৮১ রান করলেও তা দলের হার ঠেকাতে পারেনি। ছবি: এএফপি।

সেঞ্চুরি পাননি কেন উইলিয়ামসন, সেঞ্চুরি পাননি রস টেলরও। একজনের ইনিংস শেষ হয়েছে ৯৭ রানে, অপরজনের ৯৬-তে। কিন্তু তার পরও কুরে অ্যান্ডারসন আর গ্র্যান্ট এলিয়টের দুটি ছোট্ট অথচ ঝোড়ো ইনিংসের ওপর ভর করে নিউজিল্যান্ডের তোলা ৩১৫ রান শেষ পর্যন্ত যথেষ্টই বিবেচিত হলো। ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় নিউজিল্যান্ডের এই সংগ্রহ তাড়া করা তো দূরের কথা ১২০ রান দূরেই থেমে গিয়ে (১৯৫) ডানেডিনে শ্রীলঙ্কাকে মেনে নিতে হয়েছে বড় এক পরাজয়ের লজ্জা। এই পরাজয়ে সাত ম্যাচ সিরিজের ফল কিউইদের অনুকূলে নিয়ে গেছে ৪-১ ব্যবধানে।
টসে জিতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের শুরুটা ভালো না হলেও তা সামলে নেন কেন উইলিয়ামসন ও রস টেলর। দ্বিতীয় উইকেটে মার্টিন গাপটিলের সঙ্গে ৫৯ রান যোগ করা উইলিয়ামসন টেলরের সঙ্গে গড়ে তোলেন ১১৭ রানের দারুণ এক জুটি। চতুর্থ উইকেট জুটিতে রস টেলর কুরি অ্যান্ডারসনের সঙ্গে মিলে স্কোরবোর্ডে ৭৮ রান তুলে দলকে নিয়ে যান বড় সংগ্রহের পথে। উইলিয়ামসন ৯৭ রানে রানআউট-দুর্ভাগ্যের শিকার হন ধাম্মিকা প্রসাদ ও কুমার সাঙ্গাকারার যুগলবন্দীতে। রস টেলর এলবির ফাঁদে পড়েন তিলকরত্নে দিলশানের বলে, শতক থেকে চার রান দূরে। অ্যান্ডারসন ওই ধাম্মিকা প্রসাদের বলেই থিসারা পেরেরার হাতে ধরা পড়ার আগে খেলেন ২৮ বলে ৪০ রানের দারুণ গতিময় এক ইনিংস। এলিয়ট অপরাজিত থাকেন ১৪ বলে ২৬ রানের এক ইনিংস খেলে।
৩১৬ রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ব্যাটিংটা কখনোই জুতসই হয়নি। একমাত্র কুমার সাঙ্গাকারা ছাড়া আর কোনো ব্যাটসম্যানই লঙ্কান বাহিনীকে জয়ের আশা জোগাতে পারেননি। ট্রেন্ট বোল্টের বলে ফেরার আগে ইনিংস সর্বোচ্চ ৮১ করেন সাঙ্গাকারা। তিলকরত্নে দিলশানের ব্যাট থেকে আসে ২১ । দ্বিমুথ করুণারত্নের ২৬ আর লাহিরু থিরিমান্নের ২৯ শ্রীলঙ্কার লজ্জার পরিমাণটা কেবল কমিয়েছেই। অ্যান্ডারসন ব্যাটের পাশাপাশি বল হাতেও জ্বলে ওঠেন দারুণভাবে। ৫২ রানে তিনি তুলে নেন ৪ উইকেট। লঙ্কানদের শেষ পাঁচ ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল, জীবন মেন্ডিস, থিসারা পেরেরা, ধাম্মিকা প্রসাদ ও রঙ্গনা হেরাথের সম্মিলিত সংগ্রহ ছিল মাত্র ১৭ । অ্যান্ডারসনের ৪ উইকেটের পাশাপাশি ম্যাকক্লেনাঘান তুলে নেন ২ উইকেট। এ ছাড়া ট্রেন্ট বোল্টের ঝুলিতে যায় একটি উইকেট। শ্রীলঙ্কার তিন ব্যাটসম্যান (চান্দিমাল, মেন্ডিস ও ধাম্মিকা) শিকার হন রানআউটের। সূত্র: এএফপি।