লঙ্কানদের মুরালির টোটকা

পাঁচটা বিশ্বকাপ খেলেছেন, শিরোপা জিতেছেন একবার। দুবার ছিলেন রানার্সআপ দলেও। তিনি মুত্তিয়া মুরালিধরন। বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট পাওয়া বোলারদের তালিকায় গ্লেন ম্যাকগ্রার (৭১) পরের নামটা শ্রীলঙ্কান এই স্পিনারের (৬৮)। প্রতিপক্ষকে কাবু করার কৌশলটা তাঁর চেয়ে ভালো জানা আছে খুব কম ক্রিকেটারেরই। সেই অভিজ্ঞতা থেকেই কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা সামনে রেখে নিজের দল শ্রীলঙ্কাকে পরামর্শ দিলেন মুরালি। টস জিতলে আগে ব্যাট করতে বলেছেন অ্যাঞ্জেলো ম্যাথুসের দলকে। বেশি ভাবতে না করেছেন প্রতিপক্ষ অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে।
পরিসংখ্যান বলছে, সিডনির মাঠে আগে ব্যাট করা দলটাই ৫৮ ভাগ ম্যাচ জিতেছে। কোয়ার্টার ফাইনালের মতো স্নায়ুচাপের ম্যাচে তাড়া করাটা আরও কঠিন হয়ে যাবে বলেই মনে করেন মুরালি। সে কারণেই টস জিতলে বিন্দুমাত্র না ভেবে আগে ব্যাটিং করার পরামর্শ দিয়েছেন শ্রীলঙ্কাকে, ‘এই মাঠে তিন শর বেশি রান করে একটু ধারালো বোলিং করলেই ম্যাচের নিয়ন্ত্রণ আপনার হাতে চলে আসবে। আর চাপের মুখে দক্ষিণ আফ্রিকার ধসে পড়ার ইতিহাস তো আছেই। শ্রীলঙ্কার ওপর সেই চাপ থাকবে না।’
চাপের মুখেও একাই যিনি দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ জিতিয়ে দিতে পারেন তিনি ডি ভিলিয়ার্স। তবে তাঁকে নিয়ে খুব বেশি চিন্তিত না হয়ে শুরুতেই দক্ষিণ আফ্রিকার কয়েকটি উইকেট তুলে নেওয়ার পরামর্শ দিয়েছেন মুরালি, ‘যদি অন্যরা ভিত গড়ে দেওয়ার পর ডি ভিলিয়ার্স ব্যাটিং করতে আসে, তাহলে তাকে আটকানো কঠিন হয়ে যাবে। কিন্তু শুরুতে দু-তিনটি উইকেট চলে যাওয়ার পর সে ব্যাটিং করতে এলে গল্পটা অন্য রকম হবে।’ এএফপি।