লঙ্কায় আবার সমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও নাজমুল হোসেন ও জাকির হাসানের ব্যাটে রান। আবারও স্পিনাদের নিয়ন্ত্রিত বোলিং। বাংলাদেশের যুবাদের আরেকটি জয়। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হারের কিনারায় চলে যাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল টানা দুই জয়ে এখন সিরিজ জয়ের আশায়। চতুর্থ যুব ওয়ানডেতে কাল শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়েছে ৬০ রানে। শেষ ম্যাচ আজই।
প্রেমাদাসা স্টেডিয়ামে আগের ম্যাচে ফিফটি করা দুই বাঁহাতি নাজমুল ও জাকির কালও ছুঁয়েছেন ৫০। উদ্বোধনী জুটিতে সাঈফ হাসান ও জয়রাজ শেখ দলকে এনে দিয়েছিলেন ৪৮ রান। তিনে নেমে ৭১ বলে ৫০ নাজমুলের, পাঁচে নেমে দুই ছক্কায় ৬৬ বলে ৫০ জাকিরের। ছয়ে নেমে অলরাউন্ডার শাহানুর ৪৪ বলে ৪২। শেষ দিকে টপাটপ উইকেট হারানোয় স্কোরটা বড় হয়নি আর। তবে ওই ২৩৬ রানই হয়েছে যথেষ্টর বেশি। বল হাতে বরাবরের ধারাবাহিক অধিনায়ক মেহেদি হাসান নতুন বলের অফ স্পিনে নিয়েছেন দুই উইকেট। পাশে পেয়েছেন সতীর্থদেরও। জয় ধরা দিয়েছে তাই অনায়াসেই।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২৩৬/৬ (সাইফ ২৯, জয়রাজ ৩০, নাজমুল ৫০, মেহেদি ৭, জাকির ৫০, শাহানুর ৪২, সাইফুদ্দিন ৫, প্রসেনজিৎ ৪, হালিম ৩* সঞ্জিত ৪; তিলকরত্নে ৩/৪৪); শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯: ৪৬ ওভারে ১৭৬ (রান্দিকা ৫০, অমরাসিংহে ৪৬; মেহেদি ২/২২, হালিম ২/৩০, সঞ্জিত ১/৩০, সালেহ ১/৩১, সাইফুদ্দিন ১/৩৪)।