লঙ্কায় যুবাদের দারুণ বোলিং
কলম্বো থেকে ডাম্বুলা, সঙ্গী যুব ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস। রঙিন পোশাকের সাফল্যের পর সাদা পোশাকেও প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব টেস্ট সিরিজের প্রথম দিনে বাংলাদেশ যুবদলের স্পিনে নাকাল শ্রীলঙ্কান অনূর্ধ্ব-১৯। টস জিতে ব্যাট করতে নেমে লঙ্কান যুবারা হারিয়েছে ৯ উইকেট, ৯৬ ওভার খেলে রান ২১২।
রণগিরি ডাম্বুলা স্টেডিয়ামে লঙ্কানরা উদ্বোধনী জুটিতে তুলেছিল ৩৩। কাভিন বান্দারাকে (২২) ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন মেহেদি হাসান। বাংলাদেশ অধিনায়কের অফ স্পিনে পরে এক ওভারেই শিকার প্রতিপক্ষ অধিনায়ক আসালাঙ্কা (১৬) ও ফার্নান্দো (০)। অধিনায়কের দেখানো পথে হেঁটে পরে তাঁকেও ছাড়িয়ে যান নিহাদুজ্জামান। বাঁহাতি স্পিনে তুলে নেন ৪ উইকেট। লেগ স্পিনার সালেহ আহমেদও নিয়েছেন ১ উইকেট। শ্রীলঙ্কার ইনিংসে পঞ্চাশ রানের জুটি নেই একটিও। ওপেনার সালিন্দু পেরেইরা প্রায় ৭৯ ওভার উইকেটে পড়ে থেকে ২৫৪ বলে করেছেন ৭৭। বাংলাদেশের তিন স্পিনার আটটি শিকার করার পর শেষ বিকেলে মিডিয়াম পেসে একটি উইকেট পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন।
শ্রীলঙ্কা দলের সবারই এটি প্রথম যুব টেস্ট, বাংলাদেশ দলের ৮ জনের।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস: ৯৬ ওভারে ২১২/৯ (পেরেইরা ৭৭, অমরাসিংহে ২৬; নিহাদুজ্জামান ৪/৫১, মেহেদি ৩/৬৫, সাইফুদ্দিন ১/৮, সালেহ ১/৩৬, শাহানূর ০/১২, নাহিদ ০/৩৭)।