লজ্জা এড়িয়েও লজ্জাতেই ভারত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একা স্যামুয়েলসের কাছে হারল ভারত।
একা স্যামুয়েলসের কাছে হারল ভারত।

১৫৫ রানে নবম উইকেটের পতন। উইকেট পড়ছিলও মুড়ি–মুড়কির মতো। ২১ রানের ব্যবধানে পড়ল চার উইকেট। জয় তখনো ১৬৬ রানের দূরত্বে। ভারত তখন তাদের ইতিহাসের পঞ্চম বৃহত্তম পরাজয়ের সামনে। দেশের মাটিতে ১৫০‍+ রানের ব্যবধানে তো কখনোই হারেনি। সেই লজ্জাও কিনা এমন এক দলের বিপক্ষে আসার চোখ রাঙানি, র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ঠিক ওপরে, আটে যাদের অবস্থান। যে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা কিনা ধর্মঘট–টট করবেন বলে খবর মিলছিল ম্যাচের ঠিক আগমুহূর্তেও!
না, শেষ পর্যন্ত পঞ্চম বৃহত্তম পরাজয়ের লজ্জা ভারত এড়িয়েছে। এড়িয়েছে দেশে মাটিতে সবচেয়ে বড় পরাজয়ের নতুন রেকর্ড হওয়ার লজ্জা। শেষ উইকেটে জাদেজা–শামির ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রানের জুটিটা ভারতকে মুক্তি দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানে হারার নতুন রেকর্ডের লজ্জা থেকেও। কিন্তু ৩২১ রান হজম করে নিজেরা দুই শও করতে না পারা, ১২৪ রানের ব্যবধানে ম্যাচ হারা, এও কি কম লজ্জার?
ভারত আজ বলতে গেলে একটা খেলোয়াড়ের কাছেই হেরেছে। ব্যাট হাতে ১১৬ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১২৬ রানে অপরাজিত থাকার পর বল হাতে মাত্র ১০ রান খরচায় দুটো উইকেট নিয়েছেন মারলন স্যামুয়েলস। এর একটি উইকেট আবার ভারতের ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করা শিখর ধাওয়ানের।
ধাওয়ান ছাড়া ভারতের আর কোনো ব্যাটসম্যান ফিফটি পাননি। ৪৯ রানের উদ্বোধনী জুটি আর শেষ উইকেটের সেই জুটি দুটো ছাড়া মাঝখানে কিছু নেই। ৩৪ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে স্কোর ৪ উইকেটে ৮৩ হয়ে যাওয়াতে তখনই ম্যাচটা হেরে গিয়েছিল ভারত। দলীয় ১১৪ রানে মহেন্দ্র সিং ধোনির বিদায় নিশ্চিত করেছে বড় পরাজয়। জাদেজা–শামির জুটিটা সেই পরাজয়টা কেবল বিলম্বিত করেছে মাত্র।
কোচিতে সিরিজের উদ্বোধনী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে দুর্দান্ত জয় এনে দেওয়ার পেছনে নায়ক ছিলেন আরেকজন। দারুণ ফর্মে থাকা দিনেশ রামদিন। তাঁর ৬১, চতুর্থ উইকেট জুটিতে স্যামুয়েলসের সঙ্গে তোলা ১৬৫ রান বড় সংগ্রহ এনে দেয় সফরকারীদের। সর্বশেষ পাঁচ ইনিংসে চারটিতে পঞ্চাশোর্ধ ইনিংস খেললেন এই উইকেটকিপার। ওদিকে বিরাট কোহলি আবার ব্যর্থতার দিক দিয়ে এমন ধারাবাহিক হয়ে যাচ্ছেন। দেশে ফিরেও ভাগ্য ফেরেনি। আউট হয়েছেন ২ রান করে।
ঝামেলাটাই যদি ওয়েস্ট ইন্ডিজকে তাতিয়ে দিয়ে থাকে, কে জানে, পুরো সিরিজেই হয়তো বেতন–ভাতা নিয়ে সমস্যাটা জিইয়েই রাখবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড!