লজ্জার অধ্যায় পাশ কাটানোর চেষ্টা মিসবাহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিন্তিত নই বলেও কি মিসবাহ চিন্তামুক্ত থাকতে পারছেন? ছবি: প্রথম আলো
চিন্তিত নই বলেও কি মিসবাহ চিন্তামুক্ত থাকতে পারছেন? ছবি: প্রথম আলো

ক্রিকেটের তিন সংস্করণে পাকিস্তানের তিন অধিনায়ক। বাংলাদেশের বিপক্ষে পরাজয়, কেবল পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা নিয়েই মাঠ ছেড়েছেন পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক। টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হকের পরিণতি কি একই হবে? সেটা জানা যাবে আরও পরে। তবে পাকিস্তানের সাম্প্রতিক ব্যর্থতা এড়িয়ে ঠারেঠোরে মিসবাহ বোঝাতে চাইলেন, তাঁদের টেস্ট দলটা অভিজ্ঞ। কাজেই বাংলাদেশের বিপক্ষে ভালো কিছুই প্রত্যাশা করছে পাকিস্তান।
সংবাদ সম্মেলনে মিসবাহকে ৪-০ (ওয়ানডে, টি-টোয়েন্টিতে হার) ফলটাই মনে করিয়ে দেওয়া হচ্ছিল বারবার। কিন্তু পাকিস্তান অধিনায়ক এ লজ্জার অধ্যায়টা পাশ কাটিয়ে যেতে চাইলেন। তেমন কিছুই বললেন না এ নিয়ে।
মিসবাহ বললেন, ‘আমাদের টেস্ট দলটা খুবই অভিজ্ঞ। বহুদিন ধরেই আমরা ধারাবাহিক পারফর্ম করছি। এটা ভিন্ন খেলা। টেস্ট ক্রিকেট নিয়ে খেলোয়াড়দের খুব ভালো ধারণা আছে। সবাই দারুণ ছন্দে আছে। এখানকার কন্ডিশন আবুধাবি-দুবাইয়ের মতোই। আশা করি, এ সংস্করণে আমাদের ফর্ম ধরে রাখতে পারব।’
বাংলাওয়াশ, এর পর টি-টোয়েন্টিতেও উড়ে যাওয়া। এমনিতে নানা সমালোচনায় চাপে পাকিস্তান। পাকিস্তান টেস্ট অধিনায়ক স্বাভাবিকভাবেই নিচ্ছেন এ চাপকে, ‘আন্তর্জাতিক ক্রিকেটে খেলাটাই চাপ। এ চাপ সব সময়ই থাকে। অবশ্যই প্রতিপক্ষ দারুণ খেলছে। কাজেই আপনাকে সেরাটা দিতেই হবে। প্রতিপক্ষের ব্যাপারে আমরা সতর্ক আছি। বিশ্বকাপ থেকেই দারুণ খেলেছে বাংলাদেশে। ঘরের মাঠে তারা শক্তিশালী। সমীহ করতেই হবে।’

মিসবাহ অবশ্য তুলে ধরতে চাইলেন টেস্টে পাকিস্তানের সাম্প্রতিক ফর্মটাও, ‘টেস্টে আমরা সম্প্রতি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করেছি। ফলে আমরা আমাদের শক্তির দিকেই নজর দিচ্ছি। আশা করছি, ওয়ানডে, টি-টোয়েন্টির চেয়ে টেস্ট ভিন্ন হবে।’
চলতি সিরিজে পাকিস্তান অধিনায়কদের একটি অভিন্ন প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, সাঈদ আজমলকে নিয়ে। নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা আজমল এখনো পর্যন্ত বলার মতো বোলিং করতে পারেননি। মিসবাহ আওড়ালেন সেই একই বুলি, ‘আপনারা জানেন, সাঈদ বহুদিন পরে ফিরেছে। ওর অবস্থা অনেকটা অভিষিক্ত খেলোয়াড়ের মতো। কিছুটা সময় তো লাগবেই। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলায়। সে মাত্র তিনটা ম্যাচ খেলেছে।’