লজ্জার রেকর্ড আবারও জিম্বাবুয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এ মণিহার তোমায় নাহি সাজে...’

কবিগুরুর লাইনটা একটু বদলে নিয়ে নামিবিয়ার উদ্দেশে গাইতেই পারে জিম্বাবুয়ে। ওয়ানডেতে সবচেয়ে কম রান ও কম বলে অলআউট হওয়ার রেকর্ডটা ছিল দেশটির। কিন্তু নামিবিয়ার কাছে সবচেয়ে কম বলে অলআউট হওয়ার রেকর্ডটা খুইয়ে বসে তারা। অবশেষে সে ‘দুঃখ’টা ঘুচল তাদের, পরশু আফগানিস্তানের ‘সহযোগিতায়’ মাত্র ৮৩ বলে অলআউট হয়ে সে রেকর্ডটা নিজেদের দখলে নিয়েছে জিম্বাবুয়ে।

সিরিজ নির্ধারণী ম্যাচে ৯ উইকেটে ২৫৩ রান তোলে আফগানিস্তান। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে হারারেতে জয়ের জন্য ২২ ওভারে ১৬১ রানের লক্ষ্যে ৫৪ রানে অলআউট হয় স্বাগতিক দল। রান বিবেচনা করলে এটা জিম্বাবুয়ের জন্য খুব লজ্জাজনক কিছু নয়। ওয়ানডেতে এর চেয়ে কম রানে আরও তিনবার অলআউট হয়েছে তারা। ২০০১ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে তো ৯৪ বলে মাত্র ৩৮ রানেই শেষ হয়ে গিয়েছিল জিম্বাবুয়ের ইনিংস। ওয়ানডে সবচেয়ে কম বল খেলা আর কম রানের দুটি রেকর্ডই সেবার একসঙ্গে গড়েছিল জিম্বাবুয়ে। ২০০৩ সালে ৩৬ রানে অলআউট হয়ে রানের রেকর্ড কানাডা কেড়ে নিলেও সেটা উদ্ধার করতে সময় নেয়নি জিম্বাবুয়ে। ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই ৩৫ রানে অলআউট হওয়ার রেকর্ডটি এখনো টিকে আছে।

তবে বলের রেকর্ডটি ২০০৩ সাল থেকেই নামিবিয়ার দখলে ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে নামিবিয়ার ৮৪ বলে অলআউট হওয়ার রেকর্ডটি ভেঙে দিতে পরশু ঠিক এক বল কম খেলেছে গ্রায়েম ক্রেমারের দল। অধিনায়ক ক্রেমার অপরাজিত ১৪ রানের ইনিংসটা না খেললে হয়তো কম রানের রেকর্ডটাও হয়ে যেত জিম্বাবুয়ের!

পরশুর ম্যাচের কথা তো বলাই হলো, ওয়ানডেতে সবচেয়ে কম বলে অলআউট হওয়ার বাকি চারটি ম্যাচের কথাও একটু মনে করিয়ে দেওয়া যাক—

৮৪ বল

(নামিবিয়া-অস্ট্রেলিয়া, পচেফস্ট্রুম, ২০০৩)

২০০৩ বিশ্বকাপ ও নামিবিয়া মানেই সবার আগে মনে পড়বে রুডি ফন বুরেনের কথা। ক্রিকেট বিশ্বকাপের পরই নামিবিয়ার হয়ে রাগবি বিশ্বকাপ খেলেছেন তিনি। তবে বিশ্বকাপ চলার সময়েই বলেছিলেন, রাগবিতে প্রতিপক্ষের ধাক্কা খাওয়ার চেয়ে ওয়াসিম আকরাম কিংবা গ্লেন ম্যাকগ্রার মুখোমুখি হওয়াটাই বেশি ভয়ংকর। কথাটা যে ভুল ছিল না সেটা ম্যাকগ্রা প্রমাণ করে দিয়েছেন, মাত্র ১৫ রানে ৭ উইকেট তুলে নামিবিয়াকে ১৪ ওভারেই মাত্র ৪৫ রানে অলআউট করে দিয়েছেন। ৩০১ রান করেই অস্ট্রেলিয়া তাই ম্যাচ জিতে গেল ২৫৬ রানে।

৮৯ বল

(কানাডা-কেনিয়া, নাইরোবি, ২০০৭)

২০০৭ সালে বিশ্বকাপের ঠিক আগে আইসিসির ডিভিশন ওয়ান লিগ শুরু হয়েছিল। সেখানে ফাইনালে ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের জন্য ২৫১ রানের লক্ষ্য পেয়েছিল কানাডা। দ্রুত রান তোলার মিশনে নামা কানাডা ১৫ ওভারের আগেই ৯২ রান তুলে ফেলে। কিন্তু সমস্যা হলো, রান তুলতে গিয়ে ঝড়ের বেগে উইকেট খুইয়েছে তারা। ফল, ১৪.৫ ওভারেই অলআউট কানাডা।

৯৪ বল

(জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা, কলম্বো, ২০০১)

ওয়ানডেতে কম রানের ম্যাচ মানেই যেন এই দুই দল থাকার নিশ্চয়তা। কলম্বোর এই ম্যাচে অবশ্য রেকর্ড হয়েছে আরও বেশ কয়েকটি। সবচেয়ে কম বল আর কম রানের দুটি রেকর্ডই নতুন করে লেখা হয়েছে। সেদিন চামিন্ডা ভাস ১৯ রানে পেয়েছিলেন ৮ উইকেট। তবে ১৬তম ওভারে মুরালিধরন বল করতে না এলে হয়তো ওয়ানডেতে প্রথম বোলার হিসেবে ১০ উইকেট পেতেও পারতেন ভাস। ৪.২ ওভারেই ৩৮ রান তাড়া করে ম্যাচ শেষ করে দিয়েছিল শ্রীলঙ্কা। ৫০ ওভারের ম্যাচে সবচেয়ে বেশি বল বাকি রেখে জয়ের এ রেকর্ড টিকে আছে এখনো।

৯৫ বল

(বারমুডা-কানাডা, নাইরোবি, ২০০৭)

কেনিয়ার সঙ্গে ৮৯ বলে অলআউট হওয়ার ৩ দিন আগেই বারমুডাকে প্রায় একই লজ্জায় ডুবিয়েছিল কানাডা। বৃষ্টির জন্য ২১ ওভারে নেমে আসা ম্যাচে ১৬২ তাড়া করতে গিয়ে ১৫.৫ ওভারে অলআউট হওয়ার আগে ১০৬ রান করেছিল বারমুডা।