লজ্জার রেকর্ড থেকে বাঁচিয়ে দিল 'বিমার'!
>

• ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ‘বিমার’ মেরেছেন বেন হুইলার।
• ম্যাচে আর বোলিং করতে পারেননি নিউজিল্যান্ডের এ পেসার।
তিন ওভারে ৫১ রান দিয়েছিলেন বেন হুইলার। ১৭তম ওভারে তাঁকে আবারও বোলিংয়ে আনেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। হুইলার তাঁর শেষ ওভারের প্রথম বলেই মারলেন ‘বিমার’! বেশ বড় ধরনের ফুলটস। অ্যারন ফিঞ্চ ফাইন লেগ দিয়ে বাউন্ডারি মারার পর রেকর্ডটা কি পৌঁছেছিল হুইলারের কান পর্যন্ত!
সম্ভবত। নইলে নিউজিল্যান্ডের এ পেসার যা করেছেন, তা ক্রিকেটে খুব কমই ঘটে থাকে। কোনো বোলারই তো ম্যাচে দুটি ‘বিমার’ (কোমরের চেয়ে বেশি উচ্চতার ফুল টস ডেলিভারি) মারতে চাইবে না! তাহলে যে ম্যাচে তখনই বোলিং বাতিল হয়ে যাবে। আশ্চর্যের ব্যাপার হলো হুইলার ঠিক এ কাজটাই করেছেন, সেটাও আবার তিন বলের ব্যবধানে মেরেছেন দুটি ‘বিমার’!
হুইলারের করা সেই ওভারের দ্বিতীয় বলটাও ছিল ফুলটস। কিন্তু বলটা ফিঞ্চের কোমরের ওপরে না থাকায় ‘নো বল’ দেননি আম্পায়ার। পরের বলে অবশ্য কোনো সন্দেহ ছিল না। এবার আবারও কোমরের চেয়ে বেশি উচ্চতার ফুল টস। ডিপ মিড উইকেটে ক্যাচ হলেও ‘নো বল’ হওয়ায় উল্টো ১ রান পেয়েছে অস্ট্রেলিয়া। এরপর হুইলারকে আর বোলিং করতে দেননি আম্পায়ার। তাঁর ওভারটা শেষ করেছেন ট্রেন্ট বোল্ট।
হুইলার সেই ওভারের দ্বিতীয় ফুল টস দেওয়ার পর তাঁর বোলিং ফিগার দাঁড়িয়েছিল ৩.১-০-৬৪-০। অর্থাৎ টি-টোয়েন্টিতে এক ম্যাচে সবচেয়ে খরচে বোলিংয়ের রেকর্ড গড়া থেকে মাত্র ৬ রান দূরে ছিলেন হুইলার। অস্ট্রেলিয়া যে ঝোড়ো গতিতে এগোচ্ছিল, আর হুইলার যেভাবে দেদার রান দিচ্ছিলেন, তাতে রেকর্ডটা নতুন করে লেখার সম্ভাবনাই বেশি ছিল। কিন্তু হুইলার পরের বলটাই ‘বিমার’ মেরে বোলিং থেকে নিজেকে শুধু প্রত্যাহারই করেননি, সঙ্গে এই ‘অনাকাঙ্ক্ষিত’ রেকর্ডটা নতুন করে লেখানোর সম্ভাবনার অপমৃত্যুও ঘটিয়েছেন।
টি-টোয়েন্টিতে এক ম্যাচে সবচেয়ে খরচে বোলিংয়ের রেকর্ড ব্যারি ম্যাকার্থির। গত বছর আফগানিস্তানের বিপক্ষে ৪ ওভারে ৬৯ রান দিয়েছিলেন এ পেসার। হুইলার এ রেকর্ডের বেশ কাছে গিয়েও দুই ‘বিমার’ মেরে দূরে সরে গিয়েছেন। কিন্তু সেটা কী ইচ্ছে করেই! জানা যাবে না কখনোই।