আতহার আলী খানের করুণ কণ্ঠ শোনা গেল মুঠোফোনের অপর প্রান্তে। নির্বাচক হিসেবে মেয়েদের ক্রিকেট দলের সঙ্গে তিনিও আছেন ব্যাংককে। পড়ছেন একের পর এক ব্যাটিং-ব্যর্থতার লজ্জায়।
এশিয়া কাপ টি-টোয়েন্টির প্রথম ম্যাচে ৫৪ রানে অলআউট হয়েছে রুমানা আহমেদের দল। মেয়েদের টি-টোয়েন্টিতে সেটিই ছিল সর্বনিম্ন রানের রেকর্ড। পরের দুই ম্যাচে স্বাগতিক থাইল্যান্ড ও নেপালকে হারালেও কাল আরও বড় লজ্জায় পড়েছে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের বিপক্ষে ৪৪ রানে অলআউট হয়ে নিজেদের গড়া সর্বনিম্ন রানের রেকর্ডটা নতুন করে লিখেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। ৬১ বল বাকি থাকতে পাকিস্তানের মেয়েরা ম্যাচ জিতেছে ৯ উইকেটে।
ব্যাটিংয়ে বাংলাদেশের মেয়েরা বরাবরই দুর্বল। এশিয়া কাপে সেটি আরও প্রকটভাবে ধরা পড়ছে আতহারের চোখে, ‘খুবই বাজে ব্যাটিং হচ্ছে আমাদের। তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছে, পরেও কেউ এসে হাল ধরতে পারছে না। কেউ বলের মেরিট বুঝে খেলছে না।’ আতহারের অবশ্য বিশ্বাস, ব্যাংককে যতটা দেখা যাচ্ছে বাংলাদেশের ব্যাটিং আসলে ততটা খারাপ নয়, ‘আমরা ওদের নিয়ে প্রতিদিনই বসছি। সমস্যাগুলো বুঝিয়ে কার কী ভূমিকা, কীভাবে খেলতে হবে—সেসব বলে দিচ্ছি। আমাদের ব্যাটিং অতটা খারাপ নয়। আশা করি, ৩ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মেয়েরা তা প্রমাণ করবে।’
টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েদের লক্ষ্য ছিল অন্তত একটি বড় দলকে হারানো। কিন্তু ভারত-পাকিস্তান দুই দলের বিপক্ষেই লেজেগোবরে অবস্থা ব্যাটিংয়ের। কাল তো রুমানার ১১ আর জাহানারা আলমের ১২ ছাড়া দুই অঙ্কে যেতে পারেননি কেউই। বাকি নয়জন মিলে করেছেন ১৩ রান!
২৭ রানে ৯ উইকেট হারানোর পর শঙ্কা জেগেছিল ত্রিশের নিচেই অলআউট হওয়ার। শেষের দিকে জাহানারার চেষ্টায় সংগ্রহটা কোনোমতে চল্লিশের ঘরে যায়। পাকিস্তানি বোলারদের অতিরিক্ত ৮ রানেরও অবশ্য অবদান ছিল তাতে।
পাকিস্তানের মেয়েরা মাত্র ৯.৫ ওভারেই জিতে গেছে ম্যাচ। ওপেনার আয়েশা জাফরকে এলবিডব্লু করে বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেটটি পেয়েছেন খাদিজাতুল কুবরা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ১৫.৩ ওভারে ৪৪ (সানজিদা ১, নিগার ২, শায়লা ০, ফারজানা ২, রুমানা ১১, সালমা ১, ফাহিমা ০, আয়েশা ২, জাহানারা ১২*, পান্না ০, খাদিজা ৫; আইমান ২/৯, আলিয়া ১/৭, সানা ৩/৫, আনাম ১/২, জাভেরিয়া ১/১২, নিদা ১/৭)।
পাকিস্তান: ৯.৫ ওভারে ৪৫/১ (আয়েশা ২, জাভেরিয়া ২৬*, ইরাম ১৭*; খাদিজা ১/১৮, জাহানারা ০/১০, রুমানা ০/১৪, ফাহিমা ০/৩)।
ফল: পাকিস্তান ৯ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সানা মির।