মাশরাফি-অনুপ্রেরণায় ঠেকানো গেল লজ্জার রেকর্ড

অবশেষে! অবশেষে প্রায় এক বছর পর টি-টোয়েন্টিতে জিতল বাংলাদেশ। টানা আট ম্যাচ হেরে যাওয়ার পর। শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজেও ফিরল ১-১ সমতা।
এর আগে সর্বশেষ ধর্মশালায় গত টি-টোয়েন্টি বিশ্বকাপে জিতেছিল বাংলাদেশ। তামিম ইকবালের দুর্দান্ত সেঞ্চুরিতে ওমানের বিপক্ষে জয়টাই ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বাংলাদেশের সর্বশেষ আনন্দদায়ী স্মৃতি। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে নিজেদের চারটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। যদিও অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ডের বিপক্ষে জেতার দারুণ সুযোগ তৈরি করেছিলেন মাশরাফিরা। কিন্তু সুযোগটা শেষ পর্যন্ত কাজে লাগানো যায়নি। বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের ক্রিকেটে চিরকালীন এক আক্ষেপ হয়ে থাকবে হয়তো।
গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ শেষ করেছে জয়হীন থেকেই। আর এবার শ্রীলঙ্কা সফরের প্রথম টি-টোয়েন্টিতেই ৬ উইকেটে হার—১৬ মার্চ ২০১৬ থেকে ৪ এপ্রিল ২০১৭—এক বছরের বেশি সময় টি-টোয়েন্টিতে জয় পাননি মাশরাফি-তামিমরা!
অবশ্য টানা হারের বৃত্তে বাংলাদেশ আগেও আটকা পড়েছে। ২০০৭, প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাওয়া দুর্দান্ত সেই জয়ের পর বাংলাদেশ হেরেছিল টানা ১২ ম্যাচ। সময়ের হিসেবে তিন বছর বাংলাদেশ টি-টোয়েন্টিতে জয়ের স্বাদ পায়নি। ২০১১ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েই হারের বৃত্ত ভেঙেছিলেন মুশফিকরা।
বাংলাদেশ আবারও টানা হারের চক্রে পড়ে ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের মে পর্যন্ত। এ সময় তারা হেরেছে টানা ৬ ম্যাচ। তবে টি-টোয়েন্টি খেলাটা শুরুর দিকে টানা ১২ হারের পর এই প্রথম এমন বাজে সময় কাটাল বাংলাদেশ। টানা আট পরাজয় এর মধ্যে আর আসেনি।
ওয়ানডেতে বাংলাদেশ এখন নিয়মিত জয়ের স্বাদ পাচ্ছে। টেস্টেও মিলছে সাফল্য। কিন্তু ২০ ওভারের ক্রিকেটের সূত্রটা তারা ঠিক ধরতে পারছে না। অবশ্য ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে শুধু বাংলাদেশই বেশি ব্যর্থ হয়েছে, তা নয়। পাকিস্তানও আছে এই তালিকায়। দুই দলই সমান ৪৪ ম্যাচ হেরে আছে সবার ওপরে। আজ হেরে গেলে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ডটা হয়ে যেত শুধু বাংলাদেশের!
লজ্জার রেকর্ড, মাশরাফি-অনুপ্রেরণায় বাংলাদেশ ভাঙতে পেরেছে সেই বৃত্ত।