লজ্জিত, বিব্রত স্মিথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিব্রত অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথ । ছবি: রয়টার্স
বিব্রত অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথ । ছবি: রয়টার্স

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বসেই কথাটা বলে ফেললেন তিনি, ‘সত্যি বলছি, একজন অস্ট্রেলীয় অধিনায়ক হিসেবে এই চেয়ারে বসতে বিব্রত বোধ করছি আমি। টানা পাঁচ টেস্টে হারা অস্ট্রেলীয় ক্রিকেট দলের জন্য চরম লজ্জার এক ব্যাপার।’ 

কী হলো অস্ট্রেলিয়ার! একসময়ের দোর্দণ্ড প্রতাপের দলটি যেন নিজেদের হারিয়েই খুঁজছে। শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০-তে হোয়াইটওয়াশ হওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের গর্বও ধুলোয় মিশিয়ে দিয়েছে তারা। পার্থে ১৭৭ রানের বিরাট হারের পর হোবার্টে প্রোটিয়াদের কাছে রীতিমতো উড়ে যাওয়া। ইনিংস ও ৮০ রানের পরাজয়ের পর বর্তমান অস্ট্রেলীয় দলের খেলোয়াড়দের মান নিয়েই প্রশ্ন উঠে গেছে। ওঠাই স্বাভাবিক। বিশেষ করে মাত্র ৩২ রানের মধ্যে ​যখন পড়ে যায় শেষ ৮ উইকেট!
স্মিথও দলের খেলোয়াড়দের এই অসহায় লড়াইয়ে যেন ক্ষুব্ধ, ‘আমার দলে এমন খেলোয়াড় দরকার, যারা লড়াই করার মানসিকতা রাখে, লড়াই করতে জানে এবং সবচেয়ে বড় কথা তারা অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পেরে এবং ব্যাগি গ্রিন ক্যাপটি পররে পেরে গর্ব অনুভব করে।’
এই মুহূর্তে সবকিছুর পরিবর্তন দরকার বলে মনে করেন স্মিথ, ‘পরিস্থিতির পরিবর্তন দরকার অবশ্যই। এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে যেকোনো দলের সঙ্গে জিততে চাইলে আমাদের পারফরম্যান্সে যদি পরিবর্তন আনাটা খুবই জরুরি।’ সূত্র: রয়টার্স।