
২৪৪ রান নিয়ে দিনটা শুরু করেছিলেন ডেভিড ওয়ার্নার। ওয়াকার গ্যালারিতে সকাল থেকেই উৎসুক দর্শকের ভিড়। আগের দিন যেভাবে খেলেছেন, খুব স্বাভাবিকভাবেই দেখার অপেক্ষা ছিল, কোথায় থামেন অস্ট্রেলিয়ান ওপেনার! ট্রিপল সেঞ্চুরি কি হবে? পেরোতে পারবেন টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ইনিংসের মালিক ম্যাথু হেইডেনের ৩৮০ রানের রেকর্ড?
ক্রিকেটের গৌরবময় অনিশ্চয়তার সূত্র আরও একবার সত্য প্রমাণ করে ওয়ার্নার আউট হলেন কাল আর মাত্র ৯ রান যোগ করে। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরাও আর কেউ খুব একটা বড় ইনিংস খেলতে পারলেন না। ২ উইকেটে ৪১৬ রান নিয়ে দিনটা শুরু হয়েছিল, ৯ উইকেটে ৫৫৯ হয়ে যেতেই ইনিংস ঘোষণা করে দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।
জবাব দিতে নামা নিউজিল্যান্ড আরও একবার কেন উইলিয়ামসনময় একটা দিন কাটিয়েছে। ব্রিসবেনে দল বড় ব্যবধানে হারলেও ১৪০ রানে দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন উইলিয়ামসন। কাল দিন শেষেও তাঁর দিকে তাকিয়ে কিউইরা। তৃতীয় ওভারেই দলের ৬ রানে ওপেনার মার্টিন গাপটিল আউট হয়ে যাওয়ার পর মাঠে নেমেছিলেন। দিন শেষে অপরাজিত ৭০ রানে। এরই মধ্যে এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে ২২০৬ রান হয়ে গেছে ২৫ বছর বয়সী কিউই ব্যাটসম্যানের। আর কারও ২০০০ রানও হয়নি। ১৯৯৭ রান নিয়ে জো রুট দ্বিতীয় স্থানে, তিনে থাকা স্মিথ এ বছর তিন ধরনের ক্রিকেট মিলিয়ে রান করেছেন ১৯৫০। সর্বশেষ ১৭ ইনিংসে মাত্র একবার ২০-এর নিচে আউট হয়েছেন উইলিয়ামসন, দশবার পেরিয়েছেন ৫০। কী অবিশ্বাস্য ফর্মে আছেন উইলিয়ামসন সেটি বোঝাতে আর একটা তথ্য দেওয়া যেতে পারে, এ বছর ৫ টেস্টের ৯ ইনিংসে (গতকাল ওয়াকার ইনিংসটাসহ) তিন সেঞ্চুরি, তিন ফিফটিসহ ১০৬.৪২ গড়ে ৭৪৫ রান তাঁর।
রস টেলরের (২৬) সঙ্গে উইলিয়ামসনের তৃতীয় উইকেট জুটিতে এরই মধ্যে ৫৩ রান উঠেছে। তবে আগের দিন যেমন ওয়ার্নার-উসমান খাজারা ইচ্ছেমতো ব্যাট ঘুরিয়েছেন, কাল সেটা হয়নি। দুই দলের বোলাররাই বেশ নিয়ন্ত্রণে রেখেছেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের। সে জন্যই সকালে অ্যাডাম ভোজেসকে ৪১ রান তুলতে খেলতে হয়েছে প্রায় ২ ঘণ্টা, ঘণ্টা দেড়েক ক্রিজে থেকে ৩৪ রান করেছেন মিচেল মার্শ। পরশু যেখানে ওয়ার্নার একাই করেছিলেন ২৪৪ রান, কাল সারা দিনে ওয়াকায় মোট রানই উঠেছে ২৮৩! ক্রিকইনফো।