লড়াই চালিয়ে যাব, বললেন সাকিব

বাংলাদেশের প্রথম ইনিংসের ‘মৃত্যুঘণ্টা’ যখন বেজে গেছে, তখনই উইকেটে বুক চিতেই লড়াই চালালেন সাকিব আল হাসান। একের পর এক বাউন্ডারিতে নাচিয়ে তুললেন ছুটির সকালে গ্যালারি রঙিন করে তোলা হাজার কয়েক দর্শককে। এক প্রান্ত আগলে রেখে মোহাম্মদ শহীদকে নিয়ে শেষ উইকেট জুটিতে ৬৩ রান যোগ করে আফসোসটা বাড়িয়ে দিলেন আরও। ৯১ বলে ৮৯ রানে অপরাজিত থেকে দেখলেন দলের ইনিংস গুটিয়ে যাওয়া।
ক্রিকেটে নিত্যই পরীক্ষা অপেক্ষা করে সব দলের জন্যই। তবে বাংলাদেশ এখন যে কঠিন পরীক্ষার সামনে, তাতে কৃতকার্য হওয়ার আশা করা কঠিনই। এমনিতে তিনি ভীষণ বাস্তববাদী। কাজেই এমন বাস্তবতা না-মানার কিছু নেই। তবুও প্রতিকূল পরিস্থিতিতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা সাকিবের, ‘এ ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করা মুশকিল। এখনো যে কটি সেশন বাকি আছে, স্বাভাবিক যে সম্ভাবনা, আমরা হারছি! আসলে এত রান (৫৫০) টেস্টে তাড়া করার রেকর্ড নেই। দুদিন যদি আমরা না খেলতে পারি, স্বাভাবিকভাবে আমাদের সুযোগ নেই। খুবই কঠিন অবস্থা। তবে খুব বেশি দূরে তাকানোর দরকার নেই। গত টেস্টের শেষ ইনিংস আমাদের অনেক বড় অনুপ্রেরণা। সবাই সাধ্য মতোই চেষ্টা করবে। কেউ তো আর ইচ্ছে করে আউট হয় না। যদি এক-দুইশ করতে পারে দুই একজন, সেটা নিজের তো বটেই দলের জন্য ভালো হবে। ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, লড়াই ছাড়া ম্যাচটা এমনি ছেড়ে দেব না।’
সকালে কেবল দলের বিপর্যয় নয়, হাতছাড়া হয়েছে নিজের সেঞ্চুরিটাও। তবে এসবে মোটেও হতাশ নন টেস্টের এক নম্বর অলরাউন্ডার, ‘আসলে হতাশ নই। আমরা আরও একটু ব্যাটিং করতে পারলে দলের জন্য আরও ভালো হতো। ওয়াহাব রিয়াজ খুবই ভালো বোলিং করেছে সকালের স্পেলে। ওই সময় যদি আমরা ভালোভাবে টিকে থাকতে পারতাম...জানতাম আজ সকালটা কঠিন হবে। যেহেতু ৫ উইকেট হারিয়েছিলাম অল্প রানেই। ওদেরও ক্লান্তি ছিল না। এক ঘণ্টা যদি ঠিকমতো টিকে থাকতে পারতাম, উইকেট না পড়ত, তাহলে আমাদের ভালো অবস্থান তৈরি হতো। দুর্ভাগ্য, হয়নি। টেস্টে এমন দুই-একটা ঘটনা ঘটে। এক-দুই ঘণ্টা খেলার ছবিটা পাল্টে দেয়।’
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিবের বোলিংটা বলার মতো হয়নি। দুই ম্যাচে নিয়েছেন মাত্র দুই উইকেট, যা সাকিবের নামের পাশে বড্ড বেমানান। তিনি নিজেও অবশ্য হতাশ এমন বোলিংয়ে, ‘টেস্টে সিরিজে বোলিং নিয়ে বেশ হতাশ। তবে এটা হতেই পারে। বোলিং করার ঘাটতি, আত্মবিশ্বাসের অভাব ছিল। সর্বশেষ ইনিংসে বোলিং ভালো হয়েছিল। আবার হয়তো ঠিক জায়গায় চলে আসব। কিছু উইকেট পেলেই আত্মবিশ্বাস বাড়বে। সব সময় দলে যেকোনোভাবেই অবদান রাখতে চাই। আমার বোলিংয়ের জন্য দল অনেক ভুগছে। আমার ওপর সব সময় একটা দায়িত্ব থাকে। যদিও বোলিংয়ে ভালো করলে অতটা হিসাব হয় না। তবে খারাপ করলে বুঝতে পারছি, আমার বোলিংয়ের গুরুত্ব আছে (হাসি)।’
প্রথম শ্রেণির ক্রিকেট বেশি না খেলার কারণেই কি এমনটা হচ্ছে? সাকিব অবশ্য তা মনে করেন না, ‘আমি এভাবেই খেলি। ফার্স্ট ক্লাসে কবার ৫ উইকেট পেয়েছি, মনে করতে পারি না। ওটার যে খুব বড় প্রভাব পড়ে, তা মনে করি না। আমার বিভাগের হয়ে খেললে খুব একটা বোলিং যে করি, তাও নয়। এটা মনস্তাত্ত্বিক ব্যাপার। নতুন কারও আরও বেশি দায়িত্ব নিতে হবে। আমি আমার সেরাটাই চেষ্টা করব।’
তৃতীয় দিনেও এল সেই টস-প্রসঙ্গ। মুশফিকুর রহিমের আগে ফিল্ডিং করা সিদ্ধান্ত নিয়ে জবাব দিতে হলো সাকিবকেও। তবে যুক্তি দিয়ে আগলে রাখলেন অধিনায়ককে, ‘এখানে ব্যাটিং করা অবশ্যই কঠিন। রাজীব (শাহাদাত হোসেন) যদি চোটে না পড়ত, অন্যরকমও হতে পারত। আপনারা দেখেছেন, নতুন বলে পেসারদের ভীষণ সুবিধা ছিল। আমাদের সৌভাগ্য টসে জিতে প্রথম দিনের সকালে আমরা ব্যাটিং করিনি। তাহলে হয়তো দ্রুত গুটিয়ে যেতাম। ম্যাচটা আজই শেষ হয়ে যেত, আগামীকালও যেত না।’
কিছুটা ভাগ্যকেও দুষলেও বাস্তবতাও মানলেন সাকিব, ‘যদ্দুর জানি, লিখনের (জুবায়ের হোসেন) খেলার কথা ছিল। কিন্তু ম্যাচের আগে সে চোটে পড়ে। এই দুই বোলার থাকলে দলের সমন্বয় অন্যরকমই হতে পারত। এভাবে দুই বোলার হঠাৎ হারিয়ে আমাদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে গেছে। আবার ‘নো’ বলের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেটও আমরা পাইনি। সেগুলো পেলে হয়তো সেদিন লাঞ্চের আগে ওদের ৪-৫ উইকেট থাকত না। অনেক কিছুই হতে পারত। এটাই ক্রিকেট। দিন শেষে যেটা থাকে, সেটাই মানতে হবে।’
পাকিস্তান কেন বাংলাদেশকে ফলোঅন করাল না, এটি বেশ বিস্ময় তৈরি করেছে। বিস্মিত সাকিবও। তাঁর ধারণা আগামীকাল বাংলাদেশ ভালো করলে এমন সিদ্ধান্ত উদ্বিগ্ন করবে পাকিস্তানকে, ‘দিন হিসেবে ভাবলে পাকিস্তানের এমন সিদ্ধান্ত আমাদের জন্য একটু সুবিধাই। আমিও প্রত্যাশা করিনি ওরা আবার ব্যাটিং করবে। ওরা যে ছন্দে ছিল, তাতে সেরা কৌশল হতে পারত আক্রমণ করা। কাল যদি আমাদের বড় জুটি হয়, এমন সিদ্ধান্তে একটু হলেও ওদের চিন্তা বাড়াবে।’
বাংলাদেশের এমন বাজে দিনেও একটি মাইলফলক ছুঁয়েছেন সাকিব। টেস্টের কোনো ভেন্যুতে বাংলাদেশের কারও এক হাজার রান ছিল না। সাকিব আজ সেটি করেছেন। শেরেবাংলায় তাঁর রান এখন ১০৪৫। অবশ্য মাঠটা সাকিবের জন্য সব সময় পয়মন্ত। বললেন, ‘মিরপুর সব সময়ই আমার কাছে স্পেশাল। ওয়ানডেতেও এখানে অনেক রান আছে। আমার ক্যারিয়ারের অর্ধেক রানই এখানে। মিরপুরের এই মাঠ সব সময়ই আমার কাছে স্পেশাল কিছু।’
দর্শক-সমর্থকেরা বলতেই পারেন, ‘স্পেশাল’ এ মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষটাও রঙিন করে তুলুন না সাকিব! দুই-দুবার সেঞ্চুরির কাছাকাছি গিয়ে অপরাজিত থেকে ফিরেছেন। এবার দুয়ারটা খুলে যাক না!