লড়াই রিভার্স সুইংয়ের বিপক্ষেও
>দ্বিতীয় টেস্টের আগে মুশফিকুর রহিমের ভাবনায় ঘুরছে রিভার্স সুইং আর টেল এন্ডের ব্যাটিং
ভারত-পাকিস্তান ম্যাচের চিরচেনা উত্তেজনা হারিয়ে গিয়েছিল সেই টেস্ট থেকে। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে রীতিমতো নাস্তানাবুদ ভারত। ইনিংস ও ৮৬ রানে হার, তখন পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে তাদের সবচেয়ে বাজে হার।
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের মাঝে হঠাৎ ১৯৮২-এর ডিসেম্বরের একটা টেস্ট নিয়ে টানাটানি কেন? মিরপুরে আজ দ্বিতীয় টেস্ট শুরু, সেটা নিয়েই তো কত কিছু লেখার আছে! তা আছে, কিন্তু সেসবের মধ্যে একটি বিষয় ওই রিভার্স সুইং, যা প্রসঙ্গক্রমে যাচ্ছে ৩৪ বছর আগের সেই টেস্টটির সঙ্গে।
প্রথম শ্রেণির ক্রিকেটে এটি আগেও ছিল। কিন্তু টেস্টে ওই ম্যাচেই প্রথম রিভার্স সুইংয়ের আগমন এবং সেটি ইমরান খানের হাত ধরে। প্রথম ইনিংসে ৩ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৮টি। এর পাঁচটি নিয়েছেন মাত্র ২৫ বলের ব্যবধানে!
ইমরানের সময় অবশ্য বাতাসে ভেসে ভেতরে ঢোকা বলগুলো রিভার্স সুইং নামে পরিচিতি পায়নি। এই নাম এসেছে ইমরানের কাছ থেকে সেটা ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, আকিব জাভেদদের হাতে আসার পর। রিভার্স সুইংকে তাঁরা নিয়ে যান শিল্পের পর্যায়ে।
১৯৯২ সালে এটিরই শিকার হয় ইংল্যান্ড এবং যথারীতি ক্রিকেটের শুদ্ধতা নিয়ে উচ্চকিত দেশটি এর বিরুদ্ধাচরণ করে। পাকিস্তানি বোলারদের এই সৃষ্টি তাদের দৃষ্টিতে ছিল ক্রিকেটের স্বাভাবিকতায় হস্তক্ষেপ। রিভার্স সুইং করে পাকিস্তানি বোলাররা যেন পাপ করে ফেলছিলেন।
স্রষ্টার কী বিচার, সেই ইংলিশ পেসাররাই এখন ফুল ফোটাচ্ছেন রিভার্স সুইংয়ের! তাঁরা কতটা ভালোভাবে বল ভেতরে ঢোকাতে পারেন, সেটা হয়ে ওঠে সংবাদ সম্মেলনের বিষয়। চট্টগ্রামে এ কাজে ইংলিশদের দক্ষতা দেখে বাংলাদেশ দল এমনও সন্দেহ করেছিল যে, বলের মধ্যে নিশ্চয়ই কোনো একটা ‘কারুকার্য’ তাঁরা করছেন। এ নিয়ে আম্পায়ারেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। কিন্তু আম্পায়াররা বল হাতে নিয়ে শুধু দেখেছেন একটা পাশ অনেক বেশি উজ্জ্বল। বলের ঔজ্জ্বল্য বাড়ানো কোনো অপরাধ নয় বলে টেকেনি বাংলাদেশের অভিযোগ।
লালায় ভিজিয়ে এবং জার্সির হাতায় বা ট্রাউজারে ঘষে বলের এক পাশ উজ্জ্বল রাখায় অনেক বেশি দক্ষ ইংল্যান্ডের ক্রিকেটাররা এবং সেটা তাঁরা পরিকল্পিতভাবেই করে থাকেন। বল বিকৃত হয় না বলে এ নিয়ে অভিযোগের সুযোগ নেই। তবে বলের একটা পাশ খুবই উজ্জ্বল ও পরিষ্কার রাখতে পারেন বলেই অত ভালো রিভার্স সুইং পান ইংলিশ পেসাররা। সঙ্গে গতি আর দক্ষতা তো আছেই।
চট্টগ্রাম টেস্টে উইকেট নিয়ে আলোচনা বেশি হলেও আসল পার্থক্য গড়ে দিয়েছিল রিভার্স সুইং আর টেল এন্ডের ব্যাটিং। ও রকম উইকেটেও প্রথম ইনিংসে শেষ ৫ উইকেটে ইংল্যান্ড করেছে ৯৯ রান, আর বাংলাদেশ কিনা মাত্র ২৭! দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে পড়ে শেষ ৬ উইকেট। পুরোনো বলের সামনে বাংলাদেশি ব্যাটসম্যানদের দুর্বলতা প্রকাশ করে দেয় ইংল্যান্ডের পেসারদের রিভার্স সুইং। তাঁরা ইচ্ছেমতো বল ভেতরে ঢোকাতে পারেন, যেটা খেলতে পারেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা। অন্যদিকে বাংলাদেশি পেসারদের ও রকম রিভার্স সুইং করতে বলাটা এখনো পঞ্চম শ্রেণির ছাত্রকে দশম শ্রেণির অঙ্ক করতে বলার মতোই ব্যাপার।
দ্বিতীয় টেস্টের আগে মুশফিকুর রহিমের ভাবনায় তাই ঘুরছে রিভার্স সুইং আর টেল এন্ডের ব্যাটিং। দ্বিতীয়টি নিয়ে অবশ্য চট্টগ্রামেই আত্মসমর্পণ করে এসেছেন অধিনায়ক। কাল সে রকমই বললেন, ‘ওদের টেলএন্ডারদের ১০-১১টা সেঞ্চুরি আছে। প্রথম শ্রেণির ক্রিকেটে সে রকম হয়তো আমারও নেই। ওরা এই অবদানটা রাখতে পারে কারণ, ওরা অলরাউন্ডার।’ ভবিষ্যতে বাংলাদেশ দলেও মিডল-লোয়ার অর্ডারে সে রকম কম্বিনেশন গড়ে তোলার প্রয়োজন দেখছেন মুশফিক। জরুরি দেখছেন প্রথম শ্রেণির ক্রিকেটে পেস বোলারদের আরও বেশি বল করানোর।
এসব হয়তো দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। কিন্তু রিভার্স সুইং ঠেকাবে কী করে বাংলাদেশ? ওটার হাত থেকে টেলএন্ডারদের বাঁচানোর আপাতত একটাই উপায় দেখছেন মুশফিক, ‘চেষ্টা করব যেন মূল রানটা টপ অর্ডারই করে ফেলে। তাহলে টেলএন্ডারদের ওরা চাপ দিতে পারবে না।’ বোলিংয়ের সময় চেষ্টা থাকবে বলের এক পাশ যতটা সম্ভব উজ্জ্বল রেখে বোলারদের সুবিধা দেওয়ার।
তবে বাস্তবতাটাও জানেন মুশফিক, ‘অনেক দিন পর এ রকম ভালো বোলিংয়ের বিপক্ষে খেলছি। বিশ্বের খুব কম ব্যাটসম্যানই আছে যারা রিভার্স সুইংয়ের সামনে ভালো খেলে। আমাদের টেলএন্ডারদের জন্য এটা বড় শিক্ষা।’