লড়াইয়ে তৃপ্ত ওয়াকার
তৃতীয় ওয়ানডেতে হারের পর দলের কাছে ওয়াকার ইউনিসের একটাই চাওয়া ছিল—ধারাবাহিক হওয়া।
জয়-হার-জয়-হার। আজ জয় তো, কাল হার। হারজিতের এই খেলায় পাকিস্তান দারুণ ধারাবাহিক। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হারজিতের এই ধারাবাহিকতা শেষ ম্যাচেও বজায় থাকলে পাকিস্তানের আজ জেতার কথা। দলটির কোচ ওয়াকার ইউনিসও আজ পঞ্চম ও শেষ ওয়ানডেতে জয় ছাড়া আর কিছু চাইছেন না। আজ জিতলেই সিরিজ জয়, বিশ্বকাপের আগে যেটি হবে আত্মবিশ্বাসের পালে জোর হাওয়া।
পরশু রোমাঞ্চকর চতুর্থ ওয়ানডেটা ৭ রানে জিতে সিরিজ ২-২ করেছে নিউজিল্যান্ড। এর আগে তিন ম্যাচের টেস্ট ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দুটি শেষ হয়েছে ১-১ সমতায়। আজকের ম্যাচটা তাই হয়ে দাঁড়িয়েছে পুরো সিরিজের শ্রেষ্ঠত্ব নির্ধারণী ম্যাচ। ওয়াকারের তাই একটাই চাওয়া, ‘আমাদের শেষ ম্যাচটা জেতা দরকার। শুধু সিরিজ জয়ই নয়, আমরা কোন ১৫ জনকে নিয়ে (বিশ্বকাপে) যাচ্ছি, তারও একটা পরিষ্কার ছবি পেয়ে যাওয়ার ভালো সুযোগ এটি।’
বিশ্বকাপের ১৫ জনের দুজনকে কি পরশুই পেয়ে গেল পাকিস্তান? ওয়ানডেতে ছয় বছর পর সেঞ্চুরি করে পাকিস্তানের পক্ষে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির রেকর্ড জহির আব্বাসের কাছ থেকে কেড়ে নিয়েছেন ইউনিস খান। ২৫ বলে ৪৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক শহীদ আফ্রিদি। দুজনকে প্রশংসায় ভাসালেন ওয়াকার, ‘ইউনিসের ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ। ও কী করতে পারে, তা আমাদের দেখিয়েছে। আফ্রিদিও দেখিয়েছে সে কতটা লড়াকু।’
ইউনিস-আফ্রিদির দুর্দান্ত ব্যাটিংয়ের পরও পাকিস্তানের পরাজয়ের কারণটাও স্পষ্ট ওয়াকারের কাছে, ‘সত্যি কথা হলো, ফিল্ডিংয়ের কারণেই আমরা হেরেছি। আমরা ২০-২৫টা রান অতিরিক্ত দিয়ে ফেলেছি, এটা দুশ্চিন্তার বিষয়।’ সংযুক্ত আরব আমিরাতে এর আগে ২৬৩টি ম্যাচে ৩০০ রানের লক্ষ্য তাড়া করে কোনো দল জেতেনি। পাকিস্তানও পারেনি সেই ইতিহাস নতুন করে লিখতে। তবে সেই সম্ভাবনা ভালোই জাগিয়েছিলেন আফ্রিদি। পরাজয়ের পরও ওয়াকার তৃপ্তি খুঁজছেন এ থেকে, ‘আমার ভালো লাগছে যে, আমরা লড়েছি। ব্যাটিং নিয়ে যে প্রত্যাশা ছিল, সেটা পুরণ হয়েছে। ওভারপ্রতি ৯ রান করে আসছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা পারিনি, তবে লড়াইটা আমাকে তৃপ্তি দিয়েছে।’
নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন দলের জয়ের কারণগুলো বললেন এক বাক্যেই, ‘এটা পরিকল্পনামতো কাজ করার, বড় জুটি গড়ে তোলার চেষ্টা করার ও পাকিস্তানের ইনিংসের দ্বিতীয় অংশে বল হাতে ফিরে আসার পুরস্কার।’ এএফপি।