লড়াইয়ের ভেতরের লড়াই
ভয়ংকর সব ইয়র্কারে প্রতিপক্ষের উইকেট ছত্রখান করতে এবার মিচেল স্টার্কের জুড়ি মেলা ভার। অকল্যান্ডে দুই দলের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড খুব ভালোই টের পেয়েছে স্টার্কের ইয়র্কারের ক্ষমতা। ওই ম্যাচে ব্যতিক্রম ছিলেন শুধু ব্রেন্ডন ম্যাককালাম। কিউই অধিনায়ক স্টার্কের ৮ বলে নিয়েছিলেন ১৬ রান। নিউজিল্যান্ডের বাকি ব্যাটসম্যানরা মিলে মাত্র ৫ রান করতে পারেন স্টার্কের বলে। আজও কি স্টার্কের দিন, নাকি ম্যাককালাম ঝলসে উঠবেন আবার?
গাপটিল-জনসন
টানা দুই সেঞ্চুরি, যার একটি আবার অপরাজিত ২৩৭ রানের। মার্টিন গাপটিলের উইকেটের দাম এখন আকাশচুম্বী। নিজের উইকেটের মূল্য বোঝেন বলেই অন্য প্রান্তে উইকেট হারালেও এক প্রান্ত ধরে রেখেই খেলছেন কিউই ওপেনার। তাই শুরুতে কয়েকটি উইকেট হারিয়েও বিপদে পড়েনি নিউজিল্যান্ড। অন্যদিকে মানের বিচারে মিচেল জনসনের জন্য সাদামাটা এক বিশ্বকাপই গেছে। কিন্তু জ্বলে উঠলে অস্ট্রেলীয় ফাস্ট বোলার কী করতে পারেন তার কিছুটা দেখা গেছে অস্ট্রেলিয়া-ভারত সেমিফাইনালে। জনসনের আগুনে বোলিং কীভাবে ঠান্ডা মাথায় খেলেন গাপটিল, দেখার বিষয় সেটাই।
ওয়ার্নার-বোল্ট
এমসিজিতে নাকি সুইং হবে না। কিন্তু আজ ট্রেন্ট বোল্ট সুইং পেলে অবাক হবেন না। অন্য কেউ সুইং পাচ্ছেন না, কিন্তু বোল্ট সুইং করাচ্ছেন—এই দৃশ্য তো নতুন নয়। আর এভাবেই ফাইনালের আগে সবচেয়ে বেশি উইকেট ট্রেন্ট বোল্টের। অন্যদিকে এক আফগানিস্তান ছাড়া অন্য কোনো ম্যাচে ৪০ রানও করতে পারেননি ওয়ার্নার। তবে ওয়ার্নার ওয়ার্নারই। ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে বোল্টের ওপরে চড়াও হবেন না অস্ট্রেলীয় ওপেনার কে বলতে পারে! ওয়ার্নার জিতবেন, না বোল্ট?
স্মিথ-সাউদি
ব্যাট হাতে স্টিভ স্মিথের স্বপ্নযাত্রা চলছেই। শুরুতে উইকেট হারিয়ে ফেললেও স্মিথের চওড়া ব্যাটই নির্ভরতা দিয়েছে অস্ট্রেলিয়াকে। তবে আজ স্মিথের কাজটা নতুন বলে কঠিন করে দিতে পারেন টিম সাউদি। এবার প্রথম দেখায় সুইংয়ের পসরা সাজিয়ে ২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ধ্বংস করায় ভূমিকা রেখেছিলেন সাউদি। এর পর থেকে বিবর্ণ সাউদি পরের চার ম্যাচে পেয়েছেন মাত্র ২ উইকেট। কিন্তু সামনে যখন পুরোনো শত্রু, সাউদি জ্বলে উঠতেই পারেন।
ম্যাক্সওয়েল-ভেট্টোরি
অন্যদের এনে দেওয়া শুরুটা ধরে রাখার দায়িত্ব দুই দলের এই দুই তারকার। ম্যাক্সওয়েলের বিস্ফোরক ব্যাটিংয়ে মুহূর্তেই দলের রান উঠে যায় মহাশূন্যে। অন্যদিকে ভেট্টোরির কাজই হচ্ছে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের লাগাম টেনে ধরা। বোলারদের নাজেহাল হওয়ার বিশ্বকাপে ওভারপ্রতি মাত্র ৩.৯৮ রান, শেষবেলায় নিজের জাতটা চেনাচ্ছেন কিউই স্পিনার। আজ কি ম্যাক্সওয়েলের ব্যাটে লাগাম পড়বে নাকি ভেট্টোরিও উদার হয়ে যাবেন ম্যাক্সওয়েলের সামনে?