লড়ে যাচ্ছে নিউজিল্যান্ড

কেন উইলিয়ামসন ও বিজে ওয়াটলিংয়ের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে ওয়েলিংটন টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে লড়ে যাচ্ছে নিউজিল্যান্ড। টেস্টের তৃতীয় দিন শেষে কিউইরা এগিয়ে আছে ১১৮ রানে। হাতে এখনো পাঁচ উইকেট রেখে এই পরিধি আরও বাড়িয়ে নেওয়ার লক্ষ্যই এখন তাদের সামনে।
উইলিয়ামসন ও ওয়াটলিং ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন থেকে তুলেছেন ৯৪ রান। দিন শেষে ওয়াটলিং ৪৮ ও উইলিয়ামসন ৮০ রানে অপরাজিত ছিলেন।
ওয়েলিংটনে অনুষ্ঠিত এর আগের টেস্টেই ভারতের বিপক্ষে ৩০২ রানের এক দারুণ ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তবে আজ তিনি ফিরেছেন মাত্র ২২ রানেই। জিমি নিশামের ব্যাট থেকে আসে ১৯ রান। ম্যাককালাম ও নিশাম ফিরে যাওয়ার পর নিউজিল্যান্ড ইনিংসের পুরো দায়িত্ব তুলে নেন কেন উইলিয়ামসন। ব্যক্তিগত ২৯ ও ৬০ রানের সময় দুবার জীবন পান উইলিয়ামসন। কুড়িয়ে পাওয়া সৌভাগ্যের পুরোটাই তিনি ব্যবহার করেন ধীরস্থির ব্যাটিংয়ে ৮০ রানে অপরাজিত থেকে।
এর আগে, ওয়েলিংটন টেস্টের প্রথম দিনেই নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২২১ রানেই। প্রথম দিনেই ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কাও যথেষ্ট বিপদেই ছিল। মাত্র ৭৮ রানেই ৫ উইকেট হারিয়ে বসে লঙ্কান ব্যাটিং যখন আত্মসমর্পণের ইঙ্গিত দিচ্ছিল, ঠিক তখনই জ্বলে ওঠেন কুমার সাঙ্গাকারা। ২০৩ রান করে তিনি তুলে নেন নিজের একাদশ ডাবল সেঞ্চুরিটি। তাঁর অনবদ্য এই ইনিংসের ওপর ভর করেই প্রথম ইনিংসে শ্রীলঙ্কা স্কোরবোর্ডে তোলে ৩৫৬ রান। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ২৫৩ রান।
দ্বিতীয় ইনিংসের শুরুটা কিন্তু দারুণ করেছিল নিউজিল্যান্ড। টম লাথাম ও হামিশ রাদারফোর্ডের উদ্বোধনী জুটিতে আসে ৭৫ রান। তবে এর পরপরই মাত্র ৩০ বলের ব্যবধানে ৩টি উইকেট পড়ে গেলে ব্যাকফুটে চলে যায় কিউইরা। লাথাম, রাদারফোর্ডের সঙ্গে সাজঘরে ফেরেন রস টেলর।
শ্রীলঙ্কার পক্ষে দারুণ হাত ঘুরিয়েছেন নুয়ান প্রদীপ। ক্রাইস্টচার্চের প্রথম টেস্টে বাদ পড়া প্রদীপ আজ ৫৭ রানে নিয়েছেন ৩ উইকেট। প্রথম ইনিংসেও ৬৪ রানে ৪ উইকেট নিয়েছিলেন প্রদীপ। একটি করে উইকেট নিয়েছেন রঙ্গনা হেরাথ ও ধাম্মিকা প্রসাদ। সূত্র: এএফপি, ক্রিকইনফো।