সেঞ্চুরি হল না তামিমের

বিশ্বকাপের প্রথম দুটো ম্যাচে রান পাননি। দারুণ সমালোচনা মুখেই ছিলেন। স্কটল্যান্ডের বিপক্ষে কঠিন পরীক্ষার ম্যাচেই জ্বলে উঠলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাঁর ইনিংসের পরিসমাপ্তি ঘটল দুর্ভাগ্যের সঙ্গে বসত গড়েই। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিটির স্বপ্ন দেখাচ্ছিলেন তামিম ইকবাল। কিন্তু তিন অঙ্ক ধেকে ৫ রান দূরেই থামতে হল তাঁকে। বাংলাদেশের পক্ষে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরিটি করতে না পারলেও মোহাম্মদ আশরাফুলকে পেছনে ফেলে বিশ্ব আসরে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহটির মালিক এখন তামিমই। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে চার হাজার রানের মাইল ফলকটাও ছুঁয়েছেন বাংলাদেশের এই মারকুটে ব্যাটসম্যান।
এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২০৫। তামিমের ৯৫, মাহমুদউল্লাহর ৬২—এই দুটো ইনিংসই বাংলাদেশকে নিয়ে এসেছে এই পর্যায়ে। তামিম-মাহমুদউল্লাহর ১৩৯ রানের জুটি স্কটল্যান্ডের বেঁধে দেওয়া ৩১৯ রানের লক্ষ্যমাত্রার দিকে অনেকটাই এগিয়ে দিয়েছেন বাংলাদেশকে। এখন কেবল বাকি ব্যাটসম্যানদের নিজেদের কাজটা করে দেওয়ার অপেক্ষা। ৩৬ রান নিয়ে উইকেটে আছেন মুশফিকুর রহিম। তামিম এলবি হয়ে ফেরার পর তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন সাকিব আল হাসান।