পাঁচশ'র পাহাড়ে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্ধশতক পেয়েছেন সাকিব ছবি: শামসুল হক
অর্ধশতক পেয়েছেন সাকিব ছবি: শামসুল হক

সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল-ইমরুল কায়েস। ব্যাট হাতে পারফরমার সাকিব-মুমিনুল। কিন্তু চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের সংগ্রহ পাঁচশ পেরিয়েছে রুবেল হোসেনের কল্যাণে।
হ্যাঁ, রুবেল হোসেন। পেসার রুবেল হোসেন। নিখাদ এক বোলার। ব্যাট হাতে তাঁর ওপর যথেষ্ট আস্থা রাখা ​দায়। তাঁর ব্যাটের কানা-কঞ্চিতে লেগে যা আসে, তা-ই বোনাস। কিন্তু আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রুবেল যা দলকে দিয়েছেন বোনাসের চেয়েও বেশি কিছু। তাঁর অনন্য ও মারমুখী ৪৫ রানের ইনিংসের ওপর ভর করে বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে ৫০৩ রানে। টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সংগ্রহ। টেস্টে আজকের ইনিংসটি নিয়ে চতুর্থবারের মতো পাঁচশ’র কোটা পে​রিয়েছে বাংলাদেশ।
দ্বিতীয় দিনে ব্যাট হাতে বাংলাদেশের সেরা পারফরমার ছিলেন সাকিব আল হাসান। ১১০ বল খেলে ৭১ রান করে তিনি যখন আউট হন, পাঁচশ’র ম্যাজিক-ফিগার থেকে বাংলাদেশ বেশ দূরেই দাঁড়িয়ে। সাকিবের বিদায়ের প্রায় সঙ্গে সঙ্গেই তাইজুলের ফিরে যাওয়া আঘাত হয়েই এসেছিল। পাঁচশ’র চিন্তা সবাই বাদ দিয়ে দেন যখন সেট ব্যাটসম্যান শুভাগত হোম ৩৫ রানে রান আউটের ​ফাঁদে পা দেন। জুবায়ের হোসেনকে সঙ্গী করে রুবেল শেষ উইকেট জুটিতে পঞ্চাশ পেরোন জুটি গড়ে বাংলাদেশের ইনিংসের শেষটাকে করেছেন দুর্দান্তই।
রুবে​ল ৪৫ রানে অপরাজিত ছিলেন ৪৪ বল মোকাবিলা করে। ‘ক্যামিও’ ইনিংস যাকে বলা হয়, রুবেলেরটা ছিল ঠিক তেমনই। চারটি ছয়ের মারে চট্টগ্রামের দর্শকদের মাতোয়ারা করে দেন তিনি। চারটি ছয়ের বিপরীতে তাঁর বাউন্ডারির সংখ্যা ছিল দুটি।
রুবেলের সঙ্গী জুবায়ের ৫ রানও ফেলে দেওয়ার মতো নয়। তাঁর এক অঙ্কের এই ই​নিংসটি ছিল ৩৯ বল দীর্ঘ। দলের দশম ব্যাটসম্যান হিসেবে ৩৯টি বল সফলভাবে মোকাবিলা করে জুবায়ের কিন্তু তাঁর ওপর অর্পিত দায়িত্বটি পালন করেছেন দারুণভাবেই। শফিউলের ব্যাট থেকে আসে ১০ রান।
সকালে খুব দ্রুতই ফিরে গিয়েছিলেন মুমিনুল হক ও মাহমুদউল্লাহ। বড় ইনিংসের ভিত গড়েও মুমিনুলের ৪৮ রানে সাজঘরে ফেরাটা ছিল যথেষ্ট হতাশাজনক। তিনি পানিয়াঙ্গারার বলে স্লিপে জিম্বাবুইয়ান অধিনায়ক ব্রেন্ডন টেলরের হাতে ধরা পড়েন। মাহমুদউল্লাহ শিঙ্গি মাসাকাদজার বলে এলবি’র শিকার হয়ে ফেরেন ব্যক্তিগত ১৬ রানে।
অধিনায়ক মুশফিকুর রহিম সাকিব আল হাসানের সঙ্গে দিনের শুরুর ধাক্কাটা সামলে ওঠার চেষ্টা কর​ছিলেন। ভালো একটি জুটিরও স্বপ্ন দেখাচ্ছিলেন সবাইকে। কিন্তু হ্যামিল্টন মাসাকাদজার বলে ব্যাটের কানায় লেগে তাঁর স্টাম্প ভেঙে গেলে দলকে বেশ বিপদেই পড়ে যেতে হয়। তবে অধিনায়কের বিদায় সাকিব অনুভব করতে দেননি তাঁর ব্যক্তিগত কারিশমা দিয়েই। উইকেটের চারদিকে ধীরে-সুস্থে খেলে তিনি যখন আরও একটি সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে তুলেছেন, ঠিক তখনই তিনি আউট আরভিনের এক দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে। সাকিবের উইকেটটি অবশ্য সিকান্দার রাজার।
জিম্বাবুয়ের সবচেয়ে সফল বোলার ওই সিকান্দার রাজাই। ১২৩ রানে তাঁর ঝুলিতে গেছে ৩ উইকেট। তিনাশে পানিয়াঙ্গারা, ‘দুই মাসাকাদজা’ শিঙ্গি ও হ্যামিল্টন-প্রত্যেকেই নিয়েছেন যুগল উইকেট।