লড়েই হারল জিম্বাবুয়ে

পাকিস্তানের সংগ্রহটা ছিল আকাশছোঁয়া। ৩৭৬ রানের লক্ষ্যমাত্রায় জয়ের স্বপ্ন দেখাটা ছিল বেশ বাড়াবাড়িই। কিন্তু যে লড়াই জিম্বাবুয়ে আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের মঞ্চে উপহার দিল তার প্রশংসাটা কিন্তু করতেই হচ্ছে। বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে জিম্বাবুয়ে হেরেছে ঠিকই, কিন্তু সেই হারটা যথেষ্ট সম্মানেরই। ৩৭৫ রানের জবাবে পুরো ৫০ ওভার ব্যাট করে ৩৩৪ রানে থেমে ৪১ রানের পরাজয়টা কিন্তু সামনের দুটো ওয়ানডে ম্যাচের জন্য বড় অনুপ্রেরণাই হয়ে থাকছে জিম্বাবুইয়ানদের জন্য।
জিম্বাবুয়ের এই লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলের ‘নেতা’ এলটন চিগুম্বুরা। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিটি (১১৭) করে চিগুম্বুরা কিন্তু পাকিস্তানকে ভালোই চোখ রাঙিয়েছিলেন। অভিজ্ঞ ফাস্ট বোলার মোহাম্মদ সামির এক ওভারে ২২ রান তুলে নিয়ে তিনি বাকিদেরও উদ্বুদ্ধ করেছিলেন মরণপণ লড়াইয়ের। হ্যামিল্টন মাসাকাদজাও দারুণ খেলেছেন। তাঁর ব্যাট থেকে আসে ৭৩। মাসাকাদজা ও চিগুম্বুরা তৃতীয় উইকেটে ১২৪ রানের দারুণ এক জুটি গড়ে একটা পর্যায়ে জয়েরই স্বপ্ন দেখিয়েছিলেন জিম্বাবুয়ের। চতুর্থ উইকেটে চিগুম্বুরা ও শেন উইলিয়ামসন ৭৪ রানের জুটি গড়ে সেই স্বপ্নটা জিইয়েও রেখেছিলেন। কিন্তু স্বপ্নটা আর ছুঁয়ে দেখা হয়নি। উইলিয়ামসন ৩৬ রানে ফেরেন। মাসাকাদজা আর তাঁর ইনিংসটি আরও বড় হলেই কিন্তু কাজের কাজটা হয়ে যায়। আক্ষেপ থাকছে দুই উদ্বোধনী ব্যাটসম্যান ভুসিমুজি সিবান্দা আর সিকান্দার রাজা নিজেদের ইনিংসের সুন্দর শুরুর পরেও উইকেট বিলিয়ে দিয়ে আসায়।
পাকিস্তানের পক্ষে আজ সফলতম বোলার ওয়াহাব রিয়াজ। তিনি ৩ উইকেট নিয়েছেন ৪৭ রানে। একটি করে উইকেট নিয়েছেন পেসার আনোয়ার আলী ও শোয়েব মালিক।
শোয়েব মালিক কিন্তু আজ তাঁর পাকিস্তান দলে ফেরাটা উদ্যাপন করেছেন দারুণভাবেই। উদ্যাপনটা তাঁর দুর্দান্ত এক সেঞ্চুরিতেই। ১১২ রানের ইনিংসটি খেলে তিনি পাকিস্তানের সংগ্রহ নিয়ে যান অন্য উচ্চতায়। তাঁকে দারুণভাবে সহায়তা করেন হারিস সোহেল, তিনি খেলেছেন ৮৯ রানের ইনিংস। এই দুজনের ব্যাট চালানোর ভিতটা অবশ্য গড়ে দিয়ে আসেন মোহাম্মদ হাফিজ ও আজহার আলী। হাফিজ খেলেছেন ৮৬ রানের ইনিংস। নিজের অধিনায়কত্বটা যে আজহার দারুণ উপভোগ করছেন, তার প্রমাণ তিনি আজও রেখেছেন নিজের ব্যক্তিগত খাতায় ৭৯ রান তুলে।
জিম্বাবুয়ের প্রায় সব বোলারই ছিল খরচে। এঁদের মধ্যে সবচেয়ে ‘সফল’ প্রসপার উতসেয়া। তিনি ৬৩ রানে তুলে নেন ২ উইকেট। একটি উইকেট গেছে তিনাশে পানিয়াঙ্গারার দখলে। সূত্র: এএফপি, টেন ক্রিকেট।