লডারহিলে এবার মর্ত্যের ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু ‘অতিপ্রাকৃত’ ক্রিকেট দেখেছিলেন লডারহিলের দর্শকেরা। প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত দুই দলের ব্যাটসম্যানরা মেতেছিলেন রেকর্ড ভাঙার খেলায়। কাল অবশ্য মর্ত্যের ক্রিকেটই দেখলেন মার্কিন মুলুকের ক্রিকেটানুরাগীরা। আগের ম্যাচে ২৪৫ রানের পাহাড়ে চড়ে মাত্র ১ রানে জয়ী ওয়েস্ট ইন্ডিজ কাল ১৯.৪ ওভারে অলআউট ১৪৩ রানে। জবাব দিতে নেমে ভারত ২ ওভারে ১৫ রান করার পরই বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হয়ে গেছে।
ওপেনার জনসন চার্লস ছাড়া কারও ব্যাটেই আগের দিনের ধার ছিল না। ২৫ বলে ৫ চার ও ২ ছয়ে ইনিংস-সর্বোচ্চ ৪৩ রান করে দলীয় ৫০ রানে ফিরেছেন চার্লস। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এভিন লুইস ফিরেছেন মাত্র ৭ রানে। ১৩ ওভারের মধ্যে ৯৮ রান তুলতেই ৬ উইকেট নেই, ক্যারিবীয়দের স্কোরটা যে এরপরও ১৪০ পেরোল তাতে বড় অবদান অধিনায়ক কার্লোস ব্রাফেটের। নয়ে নেমে ১০ বলে ১৮ রান করেছেন এই সিরিজেই অধিনায়কত্ব পাওয়া ব্রাফেট। ভারতের লেগ স্পিনার অমিত মিশ্র ২৪ রানে নিয়েছেন ৩ উইকেট। তথ্যসূত্র: ক্রিকইনফো।