লন্ডন আরও ভালো লাগবে তামিমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামিমের দৃষ্টিতেই পরিষ্কার বলের গন্তব্য কোথায়। বাঁহাতি এই ওপেনারের দুর্দান্ত সেঞ্চুরিই ইংল্যান্ডের বিপক্ষে তিন শর বেশি রান এনে দিয়েছে বাংলাদেশকে। কাল ওভালে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে l রয়টার্স
তামিমের দৃষ্টিতেই পরিষ্কার বলের গন্তব্য কোথায়। বাঁহাতি এই ওপেনারের দুর্দান্ত সেঞ্চুরিই ইংল্যান্ডের বিপক্ষে তিন শর বেশি রান এনে দিয়েছে বাংলাদেশকে। কাল ওভালে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে l রয়টার্স

তামিম ইকবাল কি তাহলে খুশি মনেই যেতে পারছেন তাঁর ‘হিরো’কে দেখতে! মাঠে বসে ক্রিস্টিয়ানো রোনালদোকে প্রথম দেখবেন বলে রীতিমতো রোমাঞ্চিত তামিম পরশু বলছিলেন, ‘ম্যাচটায় আমরা ভালো কিছু করতে পারলে খুশি মনে কার্ডিফ যেতে পারব।’
বাংলাদেশ দলের ‘ভালো করা’র সংজ্ঞাটা বদলে গেছে অনেক দিনই। এখন সেটির একটাই অর্থ—জয়! এই লেখা যখন লিখছি, বাংলাদেশের ইনিংস মাত্র শেষ হলো। বাংলাদেশ জিতছে, না হারছে—এই প্রশ্নের উত্তর এখনো তাই ভবিষ্যতের হাতে। তবে ওভালের গ্যালারিতে ভিড় করা বাঙালিদের উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে, বাংলাদেশের জয় নিয়ে তাঁদের মনে কোনো সংশয়ই নেই! এই আশার প্রদীপটা জ্বালিয়ে দিয়েছেন তামিম ইকবাল।
দল হিসেবে ভালো করার কথাই শুধু বলেছিলেন তামিম। ব্যক্তিগত চাওয়া-পাওয়া কি কিছু ছিল না? অবশ্যই ছিল। তবে সেটি নিজের মনেই লুকিয়ে রেখেছিলেন। তা এর চেয়ে ভালোভাবে আর পূরণ হতে পারত না। সেঞ্চুরির বেশি আর কীই-বা চাওয়ার থাকে!
ক্রিস্টিয়ানো রোনালদোর তামিমকে চেনার প্রশ্নই নেই। ক্রিকেট নামে একটা খেলা আছে, এটাও জানেন কি না তা নিয়ে ঘোর সংশয় আছে। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার আগামীকাল চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলার সময় জানবেনই না, তাঁকে চর্মচক্ষে দেখার জন্য একজন কী ব্যাকুল হয়ে ছুটে এসেছেন! রোনালদোর মতো বিশ্বময় আবেদন হয়তো নেই, তবে তিনিও আরেকটি খেলার বড় তারকা। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির এই আসরে প্রথম আলোড়নটাও তাঁরই ব্যাটে।
সেঞ্চুরির পর এক হাতে হেলমেট আর আরেক হাতে ব্যাট তুলে উদ্যাপন করছেন তামিম, প্রেসবক্সে নামী ক্রিকেট সাংবাদিক শিল্ড বেরি মৃদু হেসে বললেন, ‘টামিম অ্যাগেইন...!’
শিল্ড বেরির ‘অ্যাগেইন’ বলার কারণটা বোধ হয় ব্যাখ্যা না করলেও চলছে। ইংল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে তামিম মানেই ২০১০ সালের সেই স্মৃতির ফিরে আসা। লর্ডস ও ওল্ড ট্রাফোর্ডে পরপর দুই টেস্টে সেঞ্চুরি। শিল্ড বেরি তাতে এতই মোহিত হয়েছিলেন যে, তাঁকে বড় একটা স্বীকৃতিই দিয়ে দেন। তিনি তখন উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক-এর সম্পাদক। উইজডেনের বর্ষসেরা নির্বাচনের পুরো এখতিয়ারই সম্পাদকের। যেটি নিয়ে উইজডেনের আরেক সম্পাদক ম্যাথু এঙ্গেল একবার লিখেছিলেন, ‘এটি পুরো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়। তবে ভোটারের সংখ্যা ১।’ তো শিল্ড বেরির চোখে উইজডেনের ২০১০ সালের বর্ষসেরা চার ক্রিকেটারের একজন ছিলেন এই তামিম। এমনিতে বর্ষসেরা পাঁচজন নির্বাচনের প্রথা। কিন্তু স্পট ফিক্সিংয়ে জড়িয়ে নির্বাচিত হয়েও কাটা পড়েন মোহাম্মদ আমির।
তামিমকে বেছে নেওয়ার কারণটা প্রথম আলোয় লেখা এক কলামে ব্যাখ্যা করেছিলেন শিল্ড বেরি। যেটিতে তামিমের জন্য আরও বড় স্বীকৃতি ছিল। বেরি লিখেছিলেন, ‘ইংলিশ গ্রীষ্মের শুরুতে এমনকি অস্ট্রেলিয়ানরাও এমন দাপটের সঙ্গে ব্যাটিং করতে পারেননি।’
তামিম অবশ্য এ নিয়ে এখন আর কথা বলতেই রাজি নন। ইংল্যান্ডের বিপক্ষে খেলা হলেই সবাই ওই পারফরম্যান্স নিয়ে এত কথা বলতে থাকে যে, তামিমের কখনো কখনো একটু বিরক্তই লাগে। প্রত্যাশার চাপটা আরও বেড়ে যায়, এটা হয়তো একটা কারণ। আরেকটা কারণের কথাও সেদিন বললেন, ‘অতীতে আমি কী করেছি, অনেক সময় আমার বর্তমানকে সেটি আড়াল করে দেয়।’
তামিমের বর্তমান অবশ্য যথেষ্টই উজ্জ্বল। অতীতের কীর্তির কাছে সেটির ম্লান হয়ে যাওয়ার ভয়টা একেবারেই অকারণ। চ্যাম্পিয়নস ট্রফিতে বড় কিছু করার ইঙ্গিতও আগেই দিয়ে রেখেছিলেন। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচের দুটিতে ফিফটি, একটি ৪৭-ও আছে। এরপর পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি। নিজেই বলছিলেন, ‘প্রস্তুতির কথা যদি বলেন, সেটি একেবারে মনমতো হয়েছে।’
লন্ডন তাঁর প্রিয় শহর। যেসব কারণে লন্ডন তামিমের এত পছন্দ, সেগুলোর মধ্যে এত দিন ক্রিকেট ছিল না। যেকোনো বড় শহরের জীবনযাত্রাই তামিমের খুব ভালো লাগে। তার মধ্যেও লন্ডন আলাদা। ভালো হোটেলে থাকতে পছন্দ করেন, নামী রেস্টুরেন্টে খেতে, আর পছন্দ শপিং। লন্ডনে যেটির অবারিত সুযোগ। পছন্দের কারণগুলোয় ক্রিকেটও এখন নির্ঘাত যোগ হয়ে যাবে। এই শহরের বিখ্যাত দুই মাঠেই যে অভিষেকে সেঞ্চুরির কীর্তি গড়ে ফেললেন। লর্ডসে সেই বিখ্যাত সেঞ্চুরির পর ওভালের সঙ্গে প্রথম পরিচয়ও সেঞ্চুরি দিয়ে লেখা রইল।
এক শহরের দুই মাঠে আন্তর্জাতিক সেঞ্চুরি...তামিমের কাছে লন্ডন এখানে অনন্যই হয়ে থাকছে।