লন্ডনি যানজট, নিখোঁজ কুকুর ও ছাগলের মূর্তি

ইস্ট লন্ডন থেকে শহরের যেকোনো জায়গায় যেতে উবার কিংবা ট্যাক্সি যেটাই ব্যবহার করুন, ৯৫ শতাংশ সময়েই বাংলাদেশি চালক পাওয়া যাবে। এখনো পর্যন্ত যে কটি উবার বা ট্যাক্সি চালকের সঙ্গে দেখা হয়েছে প্রত্যেকেই বাংলাদেশি এবং অবশ্যই ‘সিলেটি’।
এলাকাটাই বাঙালি অধ্যুষিত, বাংলাদেশের মানুষের দেখা তো মিলবেই। আর বাংলাদেশি ট্যাক্সিচালকদের অবধারিত কিছু পরামর্শ, ‘লন্ডনে কত কিছু দেখার আছে। এক দিন সময় বের করুন, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাব। লন্ডন আই, টাওয়ার ব্রিজ, বিগ বেন…।’ তালিকাটা তাঁদের দীর্ঘ হতে থাকে। লন্ডনে চার দিন হয়ে গেল, হোটেল থেকে মাঠ করতে করতেই ট্যাক্সি থেকে বিখ্যাত জায়গাগুলো কোনোভাবে চোখের দেখা দেখা হয়েছে। দেখা হয় নাই চক্ষু মিলিয়া। তবে এ কদিনে দেখা হয়েছে বিচিত্র লন্ডনকে।
যানজটে অভিশপ্ত ঢাকা শহরের একজন অধিবাসী হয়ে যখন লন্ডনের মতো ঐতিহ্যবাহী এবং অত্যাধুনিক শহরেও সে একই ‘রোগ’ দেখা যায়, অবাক তো হতেই হয়। ঢাকা থেকে আসা অনেক সহকর্মী তাই বারবার বিস্ময়ভরা কণ্ঠে বলে ওঠেন, ‘এখানেও জ্যাম!’ তবে হ্যাঁ, লন্ডনের যানজট ঢাকার মতো অতটা জীবন ক্ষয়ী নয়। সবাই যেহেতু নিয়ম আর ট্রাফিক আইনের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল, খুব লম্বা জটও খুলে যায় দ্রুত। কথা সেটি নয়; যে শহরে গণপরিবহন ব্যবস্থা এত উন্নত, এত আধুনিক, সেখানে কেন যানজট হবে?
ব্যক্তিগত গাড়ি ব্যবহারের চেয়ে যে শহরের মানুষ আন্ডার গ্রাউন্ড, ওভার গ্রাউন্ড, দোতলা বাসা, ট্রাম, সাইকেল ব্যবহারে বেশি আগ্রহী—সে শহরেই যখন যানজট নামের ব্যাধি নির্মূল করা যায়নি—ঢাকাকে আর দোষ দিয়ে লাভ কী! অবশ্য বলবেন, ঢাকাকে তো আর লন্ডনের মতো বিশ্বের সব দেশের মানুষের চাপ নিতে হচ্ছে না। ছোট্ট একটা দেশের রাজধানী, চাইলেই সুন্দর ব্যবস্থাপনায় সাজিয়ে-গুছিয়ে রাখা যেত শহরটা। আবার এও তো সত্যি, ঢাকার জনসংখ্যার ঘনত্ব শুনলে লন্ডনের নগরবিদের চক্ষু বিগ বেনের কাঁটায় গিয়ে উঠবে।
বাসে কিংবা ট্যাক্সি-উবারে গেলে যানজটে যেহেতু পড়তে হবে, বিকেলে ওভাল থেকে হোটেলে ফিরতে টিউবই সবচেয়ে সেরা বিকল্প। কিন্তু স্টেশনে যাওয়ার আগেই একজন মনে করিয়ে দিলেন, যে রুটে যেতে চাচ্ছি, সে রুটের কাজ চলছে, ট্রেন বন্ধ! নিরুপায় হয়ে লালরঙা লন্ডনের বিখ্যাত দোতলা বাসই ভরসা। ওভাল স্টেশন থেকে বেরোতেই চোখে পড়ল একটা নিখোঁজ বিজ্ঞপ্তি। যে হারিয়ে গেছে তার নাম ‘লাইলা’। হারানোর আগে তাকে সবশেষ দেখা গেছে ওভাল ক্রিকেট মাঠের বিপরীতে ক্লেটন স্ট্রিটে।

কেউ যদি খোঁজ পান, জানাতে যোগাযোগের একটি নাম্বারও দেওয়া হয়েছে। এই লাইলাটা হচ্ছে একটা কুকুর। নিখোঁজ বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, লাইলা অনেক জোরে ঘেউ ঘেউ করে কিন্তু কামড়ায় না! যদি কোনো সুহৃদ ব্যক্ত লাইলার খোঁজ পেয়ে থাকেন উল্লিখিত নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ।
ঢাকা শহরে যেখানে মানুষ হারিয়ে গেলেই খুঁজে পাওয়া কঠিন, লন্ডনের মতো এত বড় জটিল শহরে একটা ছোট্ট ইয়র্কশায়ার টেরিয়ার কীভাবে খুঁজে পাওয়া যাবে কে জানে! তবে এখানে এমন কিছু মানুষ খুঁজে পাওয়া গেল, যাঁরা ভিক্ষাকে বেছে নিয়েছেন ‘পেশা’ হিসেবে! এ অভিজাত শহরে চলতে-ফিরতে অনেক ভিক্ষুকের দেখা মিলবে, যাঁরা ভীষণ কাতর কণ্ঠে মিনতি করবেন কিছু টাকা-পয়সা দিতে। খুব করুণ কণ্ঠে এও বলবেন, কী বিপদে পড়ে তাঁকে এ কাজ করতে হচ্ছে। একজন অবশ্য জানাল, ভণ্ডামি! বেশির ভাগ ভিক্ষুক নেশাগ্রস্ত। ভিক্ষার টাকা দিয়ে কিনবে নেশার বস্তু—সত্যি কি না কে জানে!

ওভাল থেকে দোতলা বাস ধরে লিভারপুল স্ট্রিটে নেমে পা গেঁটে একটু এগিয়ে ব্রুশফিল্ড স্ট্রিটে ঢুকতেই একটু চমকে যেতে হলো। ছাগলেরও যে মূর্তি হতে পারে, দেখা গেল লন্ডনে এসে। ভাস্কর্যটা তৈরি করেছেন কেনি হান্টার। রীতিমতো মানুষের ভোটে বিজয়ী হয়ে তবেই তাঁর ছাগলের মূর্তিটা বসেছে এখানে। ঢাকার নাগরিক জীবনে ‘ছাগল’ শব্দটা তুচ্ছতাচ্ছিল্য অর্থে ব্যবহার হলেও লন্ডনের এ মূর্তিটা কী বোঝায়? ওয়েবসাইট ঘাঁটাঘাঁটি করে জানা গেল, ব্রুশফিল্ড স্ট্রিটে বাস করে প্রচুর অভিবাসী। তাদের নিজস্ব দ্বন্দ্ব, নিপীড়ন আর দারিদ্র্য ফুটিয়ে তুলতেই নির্মাণ করা হয়েছে ছাগলের মূর্তিটা।