লন্ডনের ঈদ, লন্ডনের বৃষ্টি

গাড়ি থেকে নেমে হোটেলে ঢুকতে গিয়ে মনে পড়ল ছেলের কথা। ‘সাহেল কই, সাহেল!’ পাশ থেকে কে যেন উত্তর দিল, ‘সাহেল ভেতরে ঢুকেছে।’
ছেলের ব্যাপারে নিশ্চিন্ত হয়ে মাশরাফি বিন মুর্তজাও আর দেরি করলেন না। গায়ের খয়েরি শালটাকে এক প্যাঁচ পিঠের ওপর ফেলে ছোট্ট সাহেলের পিছু পিছু ঢুকে পড়লেন পার্ক প্লাজা রিভারব্যাঙ্ক হোটেলের ঘূর্ণমান দরজা দিয়ে। পেছন পেছন সাব্বির রহমান, রুবেল হোসেনসহ আরও কে কে যেন।
দুপুর ১টার পর রিজেন্ট পার্ক সেন্ট্রাল মস্ক থেকে হোটেলের দরজায় পর পর এসে থামল এ রকম কয়েকটি গাড়ি। গাড়ির যাত্রীরা সবাই বাংলাদেশ দলের ক্রিকেটার। নিরাপত্তার কথা ভেবে অনেক গোপনীয়তার মধ্যে স্থানীয় আয়োজকেরা বাংলাদেশের ক্রিকেটারদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা করেছিল লর্ডসের কাছের ওই মসজিদে। মসজিদের ভেতরেও তাদের নামাজ পড়ার ব্যবস্থা ছিল আলাদা। নামাজ শুরু হয় দুপুর ১২টায়।
বাংলাদেশে ঈদের দিন বলতে যেরকম চনমনে খুশির দিন বোঝায়, লন্ডনে স্বাভাবিকভাবেই তা নয়। এখানে ঈদের আনুষ্ঠানিকতা মূলত ওই নামাজ পর্যন্ত। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের সঙ্গে দেখা করা বা তাদের বাড়িতে যাওয়ার পর্বটাও আছে অনেকের ক্ষেত্রে। তবে সবার জন্য সেটি দৈনন্দিন কাজ থেকে ছুটি নিয়ে নয়। ঈদের মধ্যেই অনেকে চাকরি করছেন, ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন। ঈদ তাদের অভ্যস্ত দৈনন্দিন জীবনে একটু বাড়তি রং মাত্র।
ক্রিকেটারদের জন্যও লন্ডনে ব্যাপারটা সেরকমই হয়ে দাঁড়িয়েছিল। জ্যেষ্ঠ কয়েকজন খেলোয়াড় যারা এখানে স্ত্রী-সন্তানদের নিয়ে এসেছেন, তাঁরা ছাড়া বেশির ভাগ খেলোয়াড়ই পরিবার থেকে দূরে। হোয়াটসঅ্যাপ, ভাইবারের ভিডিও কল বা ইনবক্সে আসা ‘ঈদ মোবারক’, ঈদের দিনে পরিবারের সান্নিধ্য পাওয়ার আর কোনো উপায় ছিল না তাদের জন্য।

মসজিদ থেকে ফিরে বিকেল পর্যন্ত হোটেলেই ছিলেন বেশির ভাগ খেলোয়াড়। খেতে-টেতেও বাইরে যাননি কেউ। যাওয়ার দরকারও পড়েনি অবশ্য। দুপুরে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম হোটেলে ক্রিকেটারদের জন্য সুস্বাদু সব ঈদের খাবার পাঠিয়ে দিয়েছেন। পোলাও, মুরগির মাংস, গরুর মাংস, সবজি, ফিরনি, মিষ্টি। ঈদের দিনে দলের ভুঁড়ি ভোজ হয়ে গেছে ওই দিয়েই।
বিকেলবেলা ওভালে অনুশীলন করার কথা থাকলেও সেটি ঠিকভাবে হতে দেয়নি বৃষ্টি। তবে সন্ধ্যায় এ লেখা লেখার সময়ও দল ওভালে ছিল। সাকিব আল হাসানের পর কিছুদিন আগে মেহেদী হাসান মিরাজ সম্পৃক্ত হয়েছেন ইউনিসেফের সঙ্গে। তাদের উদ্যোগে শিশু-কিশোর ক্রিকেটারদের সঙ্গে ওভালের ইনডোরে কিছু সময় কাটিয়েছেন সাকিব, মিরাজসহ বাংলাদেশ দলের আরও দু-এক জন ক্রিকেটার। তাতে ছোট ছোট বাচ্চাদের সময়টা ভালো কাটলেও ঈদের দিনের বৃষ্টি চিন্তায় ফেলে দিয়েছে বাংলাদেশ দলকে। কোচ স্টিভ রোডস সংবাদ সম্মেলনে সে চিন্তাটা প্রকাশও করে দিলেন।
এমন বৃষ্টিভেজা আবহাওয়ার ‘ইংলিশ কন্ডিশন’ বাংলাদেশের মতো দলের ব্যাটসম্যানদের জন্য সব সময়ই একটা সমস্যা। বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা নিয়ে তাই চিন্তিত হওয়ারই কথা বাংলাদেশ কোচের। খেলার সময় বৃষ্টি যদি নাও হয়, আবহাওয়া মেঘলা থাকলেই তো বিপদ! বাংলাদেশের কোচ হলেও রোডস ইংল্যান্ডের মানুষ। এ দেশের কোন আবহাওয়া কাকে সমস্যায় ফেলতে পারে, সেটি তার চেয়ে ভালো কে জানেন!
রোডসের মতো ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশিরাও ঈদের দিনের বৃষ্টিতে বেশ বিরক্ত। সেটি ক্রিকেটীয় কারণে না হলেও কিছুটা ক্রিকেটারদের কথা ভেবেই। এই যে একটা ঈদের দিন যাচ্ছে, তারা তো একটু বের হবেন...ঘুরবেন। বৃষ্টি দিল সব গোলমাল করে।
লন্ডনের ঈদে বাংলাদেশিদের সমাগম যে জায়গায় সবচেয়ে বেশি হয়, সেই ইস্ট লন্ডন মসজিদে নামাজ পড়ে ফেরার সময় এ রকমই আলোচনা শোনা গেল দুই বাংলাদেশির মধ্যে। সবাই জানেন ক্রিকেটারদের জগৎটা অনেকের চেয়ে ভিন্ন। কিন্তু তার অলি-গলি তো আর সাধারণ মানুষের জানার কথা নয়। তাদের ভাবনাও তাই সাদা-মাটা। ক্রিকেটার-জীবনের বাস্তবতার সঙ্গে সেটি না মেলাটাই স্বাভাবিক। বৃষ্টির বিরুদ্ধে খেলোয়াড়দের ঈদ ‘নষ্ট’ করার অভিযোগ সে কারণেই।
খেলোয়াড়দের প্রতি সমর্থকদের এই মায়া হয়তো বাংলাদেশ দল পর্যন্ত সব সময় পৌঁছায় না। তবে ব্রিকলেন, হোয়াইট চ্যাপেলের রাস্তায় হাঁটলে সেটি যে কেউ অনুভব করবেন। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাওয়া জয় প্রবাসীদের আশাটাও বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।
চিন্তায় শুধু স্টিভ রোডস। ঈদের দিনের বৃষ্টির যে একটা অন্য অর্থও আছে!