লভ্যাংশ ভাগের প্রশ্নই আসে না, পাকিস্তানকে বিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিকদের সামনে বিসিবি সভাপতি। ছবি: বিসিবির সৌজন্যে
সাংবাদিকদের সামনে বিসিবি সভাপতি। ছবি: বিসিবির সৌজন্যে

এপ্রিল-মে মাসে বাংলাদেশ সফরের সামনে কিছু শর্ত জুড়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির অন্যতম শর্ত, সিরিজ থেকে প্রাপ্ত আয়ের ৫০ শতাংশ দিতে হবে। তবে পিসিবির এই প্রস্তাব একেবারেই নাকচ করে দিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান। জানালেন, বড়জোর পাকিস্তানকে বিমান ভাড়াটা দেওয়া যায়।
সাংবাদিকদের নাজমুল বললেন, ‘যদি ওরা মনে করে, ওদের আসার জন্য যে পরিমাণ খরচ, বিমানভাড়াটা দিয়ে দিতে, তাহলে ভিন্ন ইস্যু। কিন্তু লাভের ভাগ দেওয়ার প্রশ্নই আসে না।’ বিসিবি সভাপতি অবশ্য নিজেই আবার বলেছেন, ‘এর আগে পাকিস্তান দল যখন এখানে এসেছে, তাদের নাকি কিছু টাকা দেওয়া হয়েছিল। এটা আমার কাছে নতুন তথ্য। এখন বের করতে হবে সেটা কী, কোন প্রক্রিয়ায় দেওয়া হয়েছে।’
এর আগে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান নাঈমুর রহমান বলেছিলেন, পাকিস্তানের দাবি অবাস্তব। আজ বোর্ড সভাপতির কণ্ঠেও একই সুর, ‘এই প্রস্তাব বাস্তবসম্মত হওয়ার প্রশ্নই ওঠে না। এটা সত্য যে পাকিস্তানের এখানে এসে কোনো লাভ নেই। তাই বলে ক্রিকেট খেলায় সব সময় লাভ দেখলে তো হয় না। মনে হয় না বিসিবি এই শর্ত মানবে।’
অন্যদিকে বাংলাদেশ সফরের বিনিময়ে পিসিবি চায় বাংলাদেশ ‘এ’ বা অনূর্ধ্ব-১৯ দলের পাকিস্তান সফর। বোর্ড সভাপতি বললেন, ‘শেষবার যখন ওদের (পিসিবি) সঙ্গে কথা হয় তখন আমাদের হ্যান্ডবল দল ওখানে গিয়েছিল। তারা তখন ধরল, সরকার যদি অন্য খেলাকে অনুমতি দেয় তবে ক্রিকেটকে কেন দেবে না! সরকার না, তোমরাই এটা আটকে রেখেছ। তখন আমরা বলেছিলাম, মহিলা বা অনূর্ধ্ব-১৯ ...এ রকম কোনো দল পাঠানো যায় কি না।’
বছরের শেষ দিকে একটি টেস্ট খেলতে বাংলাদেশে আসার কথা ভারতের। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাচ্ছে টেস্ট নয়, তিনটি ওয়ানডে খেলতে। গত বছরের ফেব্রুয়ারিতে করা ভবিষ্যৎ​ সফর পরিকল্পনা (এফটিপি) অনুযায়ী, ২০১৪, ২০১৫ ও ২০২০ সালে বাংলাদেশে আসার কথা ভারতের। আর ২০১৬ সালে প্রথম টেস্ট খেলতে ভারত সফরে যাওয়ার কথা বাংলাদেশের।
২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে হলে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ আটে থাকতে হবে। এ কারণেই হয়তো বিসিবি ওয়ানডেকেই গুরুত্ব দিচ্ছে।