লভ্যাংশের অর্ধেক পেলে পাকিস্তানে যাবে জিম্বাবুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৯ সালে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট হয়েছিল পাকিস্তানে। ফাইল ছবি
২০০৯ সালে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট হয়েছিল পাকিস্তানে। ফাইল ছবি

বাংলাদেশ সফরে আসতে কম বেগড়বাই করেনি পাকিস্তান। শেষ পর্যন্ত ৩ লাখ ২৫ হাজার ডলার ক্ষতিপূরণ দিয়ে তাদের রাজি করিয়েছে বিসিবি। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) একই রকম শর্ত দিতে যাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট সংস্থা (জেডসিইউ)। পাকিস্তানে তারা দল পাঠাতে রাজি। তবে দুই শর্তে। প্রথমত, এই সিরিজ থেকে পাওয়া অর্ধেক দিতে হবে। দ্বিতীয়ত, দিতে হবে ফিরতি সফরের নিশ্চয়তা।
২০০৯ সালে সর্বশেষ পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট হয়েছিল। সেবার শ্রীলঙ্কা দলের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার পর আর কোনো দল পাকিস্তান সফর করেনি। অনেক চেষ্টা-তদবির করেও কাউকে রাজি করানো যাচ্ছিল না। অবশেষে কদিন আগে পিসিবির পক্ষ থেকে দাবি করা হয়, জিম্বাবুয়ে আগামী মে মাসে পাকিস্তান সফরে আসবে।
এর আগে কেনিয়া ও আফগানিস্তান পাকিস্তানে সফর করে গেলেও কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। জিম্বাবুয়ে এই সফরে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে বলে পিসিবি দাবি করেছে। যদিও পিসিবির এক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, এখনো সব কিছু চূড়ান্ত হয়নি। জেডসিইউয়ের শর্ত দুটো নিয়ে পিসিবি ভাবছে। লভ্যাংশ ছাড়াও আগামী আগস্টে জিম্বাবুয়ে সফরে যেতে হবে পাকিস্তানকে।
তা ছাড়া এই সফরের আগে জেডসিইউয়ের একটি নিরাপত্তা বিশেষজ্ঞ দলও আসবে পরিস্থিতি বুঝে দেখতে। তা ছাড়া করাচিতেও কোনো ম্যাচ খেলতে রাজি নয় তারা। সব ম্যাচ লাহোরে হতে বলে বলেও দাবি জানিয়েছে। তবে পিসিবি চায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দুটো ওয়ানডে ও একটি চট-টোয়েন্টি হবে, করাচির জাতীয় স্টেডিয়ামে হবে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।
তা ছাড়া আইসিসির নিয়ম অনুযায়ী সব আন্তর্জাতিক সিরিজে নিরপেক্ষ আম্পায়ারও থাকতে হবে। নিরপেক্ষ আম্পায়ার পেতে আইসিসির কাছেও আবেদন করতে হবে পিসিবিকে।