লয়েডের দুঃখপ্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড়ি জীবনে ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগে ১১ বছর সামলেছেন অধিনায়কত্বের দায়িত্ব। সেই ক্যারিবীয় কিংবদন্তি ক্লাইভ লয়েড ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক হিসেবে পার করছেন ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়। চোখের সামনে দেখেছেন, ভারত সফরের মাঝপথেই উত্তরসূরিরা বোর্ডের সঙ্গে বেতন-ভাতা নিয়ে দ্বন্দ্বে সিরিজ বর্জন করে ফিরে এসেছে দেশে। নিজেদের অভ্যন্তরীণ সমস্যা তো মিটছেই না, ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কও ছিন্ন হওয়ার পথে।

উদ্ভূত পরিস্থিতিতে বোর্ডের একজন হিসেবে দায় এড়াতে পারেন না লয়েড নিজেও। পারেন না বলেই দলের এই আকস্মিক সফর বর্জনে দুঃখ প্রকাশ করেছেন তিনি, ‘আমি ওয়েস্ট ইন্ডিজ দল নিয়ে কিছু বলতে চাই। দলটি চলে আসায় আমি দুঃখ প্রকাশ করছি। কয়েকজন সফর শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং আমি মনে করি এটা ভুল।’

ব্রাভোরা সিরিজ বয়কটের পর বিসিসিআই সচিব সঞ্জয় প্যাটেল স্পষ্টই জানিয়ে দিয়েছেন, তাঁদের বোঝাপড়াটা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে, খেলোয়াড়দের সঙ্গে নয়। ক্ষুব্ধ বিসিসিআই আভাস দিয়েছে ক্ষতিপূরণের অঙ্কটা হতে পারে প্রায় ৪০০ কোটি রুপি! এমনই এক উত্তপ্ত পরিস্থিতিতে বিসিসিআই আজ জরুরি সভা ডেকেছে। তবে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তির আশা যে, এটি দুই বোর্ডের সম্পর্কের ওপর প্রভাব ফেলবে না, ‘আমি চাইনি এভাবে এটা শেষ হবে। এটি দুর্ভাগ্যজনক, আমরা চলে এসেছি। তবে আমি আশা করব ক্ষতিটা অপূরণীয় হবে না।’

সিরিজের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ভারতের আমন্ত্রণে আসছে শ্রীলঙ্কা। এতে আর্থিক ক্ষতি হয়তো কিছুটা লাঘব হবে। তবে দিন শেষে ক্ষতিটা যে ক্রিকেটেরই হয়েছে, সেটিই মনে করিয়ে দিয়েছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার, ‘ওয়েস্ট ইন্ডিজ বোর্ড (ডব্লুআইসিবি), ক্যারিবীয় ক্রিকেটারদের সংগঠন (ডব্লিউআইপিএ) নাকি খেলোয়াড়েরা এই পরিস্থিতির জন্য দায়ী, এটা এখনো পরিষ্কার নয়। তবে এতে ক্রিকেটের ভাবমূর্তির ক্ষতি হয়েছে এবং বিশেষ করে ওয়েস্ট ইন্ডিয়ানরা, যারা গোটা ক্রিকেট-বিশ্বেই জনপ্রিয়, তারা হঠাৎ করেই এই সফরের শেষ টেনে নিজেদের জন্য ভালো কিছু করেনি।’   দ্য গার্ডিয়ান।