দল ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তিতে ক্লাইভ লয়েড বলেছিলেন, ‘খুবই ভালো দল, বিশ্বকাপে যে দল গর্বিত করতে পারে ওয়েস্ট ইন্ডিজকে।’ বাস্তবতা হলো, ডোয়াইন ব্রাভো ও কাইরন পোলার্ড ছাড়া দল খুব ভালো, এটা হয়তো ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক নিজেও বিশ্বাস করেন না। মাইকেল হোল্ডিং তো তুলাধোনা করেছেন বোর্ডকে। তবে আরেক ক্যারিবিয়ান কিংবদন্তি, ভিভ রিচার্ডস আবার অনেকটাই কণ্ঠ মেলালেন তাঁর সাবেক অধিনায়কের সঙ্গে। ভিভের মতে, এই দল যথেষ্টই ভারসাম্যপূর্ণ, জিততে পারে বিশ্বকাপও!
আইসিসি ওয়েবসাইটে লেখা কলামে প্রথম দুটি বিশ্বকাপজয়ী বিস্ফোরক ব্যাটসম্যান লিখেছেন, ‘গেইল, স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, সিমন্স ও নারাইনদের নিয়ে অভিজ্ঞতা ও তারুণ্যের খুব ভালো সমন্বয় আছে দলটায়। আছে নিজেদের প্রমাণের তাগিদ। বিশ্বকাপ জয় ছাড়া আর কোনো লক্ষ্য থাকতে পারে না। দলের ফিল্ডিং ভালো। ব্যাটিং ও বোলিংয়ে শৃঙ্খলা ধরে রাখতে পারলে ওরা শেষ পর্যন্ত যেতে পারে।’ পোলার্ড-ব্রাভোদের প্রসঙ্গও অবশ্য ছুঁয়ে গেছেন স্যার ভিভ, ‘ব্রাভো ও পোলার্ডের মতো দুজন ক্রিকেটার পেলে যেকোনো দলই খুশি হবে। তবে নির্বাচকদের ওপরও শ্রদ্ধা রাখতে হবে আমাদের। সিদ্ধান্তটি ভুল না ঠিক, সেটি বলার দায়িত্বও আমার নয়।’ আইসিসি ওয়েবসাইট।