লরগাতের অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুঞ্জনটা যেভাবে ডালপালা মেলছে, তাতে আর চুপ থাকতে পারলেন না হারুন লরগাত। একাদশে হস্তক্ষেপের অভিযোগটিকে উড়ো খবর বলে উড়িয়ে দিলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী। বিশ্বকাপ সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার হারের পর আফ্রিকান ভাষার দৈনিক দ্য বিল্ড লিখেছিল, ম্যাচের আগে রাত ১টায় লরগাত খুদে বার্তায় কোচ রাসেল ডমিঙ্গোকে জানান, একাদশে অন্তত চারজন অশ্বেতাঙ্গ রাখতে হবে। ফর্মে থাকা কাইল অ্যাবটকে বসিয়ে এ জন্যই সেমিতে খেলানো হয় ভারনন ফিল্যান্ডারকে। অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স নাকি প্রতিবাদে মাঠে না নামার হুমকিও দিয়েছিলেন। কাল এই খবরকে ফালতু বলে উড়িয়ে দিলেন লরগাত, ‘ভুয়া অভিযোগ তুলে ফালতু প্রতিবেদন করা হয়েছে। কোনো এসএমএস, হোয়াটসঅ্যাপ বা বিবিএম করা হয়নি। কেন করতে যাব এসব, আমি তো জানিই যে আগের দিন সন্ধ্যায় একাদশ ঠিক হয়ে আছে! এসব অসমর্থিত সূত্র বা বেনামি মন্তব্যের খবর ছাপা হলে আমরা সাধারণত জবাব দিই না বা মন্তব্য করি না। কিন্তু এ ক্ষেত্রে বলতে বাধ্য হলাম, কারণ এসব খবর আমাদের দলের, বোর্ডের ও ক্রিকেটারদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বিশেষ করে দল বেদনাদায়কভাবে বিদায় নেওয়ার পর এসব খবর যন্ত্রণা আরও বাড়াচ্ছে।’ পিটিআই।